৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, মার্চ ৩১, ২০২১
শেখ মুজিবুর রহমানকে কটূক্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয়ার অভিযোগ তুলে রাজশাহীতে বিএনপির চার নেতার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। প্রতিবেদন গ্রহণ করে আদালত চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
বুধবার দুপুরে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৪ (আমলি আদালত বোয়ালিয়া) এ প্রতিবেদন দাখিল করেন।
আদালতের বিচারক মো: সাইফুল ইসলাম প্রতিবেদন গ্রহণ করেন। এরপর শুনানি শেষে বিএনপির চার নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একইসাথে এ মামলার পরবর্তী দিন আগামী ২৬ এপ্রিল ধার্য করেন বিচারক। পুলিশ ও আদালত সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।
মামলায় অভিযুক্ত চার আসামি হলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
উল্লেখ্য, গত ২ মার্চ অনুষ্ঠিত বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে মিজানুর রহমান মিনু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ইঙ্গিতপূর্ণ বক্তব্য দেয়ায় আওয়ামী লীগের পক্ষ থেকে মামলাটি করা হয়। বিএনপির ওই সমাবেশে মামলার অপর তিন আসামিও উপস্থিত ছিলেন। সমাবেশে মিনু আরেকটি ১৫ আগস্ট ঘটানোর ‘ইঙ্গিতপূর্ণ’ বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করে ৯ মার্চ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় মামলার অনুমতি দেয়।
পরে ১৬ মার্চ আদালতে মামলাটি দায়ের করা হয়। ওই দিন আদালত মামলার প্রাথমিক তদন্ত প্রতিবেদন ৩১ মার্চ দাখিলের জন্য রাজপাড়া থানার ওসিকে নির্দেশ দেন। নির্ধারিত দিনেই ওসি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করলেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন ওসি।
তদন্ত প্রতিবেদন দাখিলকালে মামলার বাদি রাজশাহী মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোসাব্বিরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। পুলিশের তদন্ত প্রতিবেদনের ওপর শুনানিতে অংশ নেন বাদির আইনজীবী আসলাম সরকার। শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D