৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২১
নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজধানীতে দুটি সমাবেশ করবে বিএনপি। আগামী ১০ মার্চ ঢাকা উত্তর সিটি ও ১৬ মার্চ দক্ষিণ সিটিতে সমাবেশ করবে দলটি।
ঢাকা উত্তরে কারওয়ান বাজার মোড়, মোহাম্মদপুর শহীদ পার্ক অথবা খিলগাঁও তালতলা মাঠ এবং দক্ষিণে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, ব্রাদার্স ইউনিয়ন ক্লাব মাঠ অথবা সোহরাওয়ার্দী উদ্যানের যেকোনো স্থানে সমাবেশ দুটি করবে বিএনপি।
সমাবেশের বিষয়ে অবহিত করতে সোমবার দুপুরে ডিএমপির যুগ্ম কমিশনার মনির হোসেনের সাথে সাক্ষাত করেন বিএনপির প্রতিনিধি দল।
সাক্ষাত শেষে বের হয়ে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, ‘ইতোমধ্যে প্রত্যেকটা বিভাগীয় শহরে কর্মসূচি হাতে নিয়েছি আমরা। কর্মসূচিগুলো ভোট কারচুপির প্রসঙ্গে। সবশেষ বেশ কয়েকটি সিটি করপোরেশন নির্বাচন ও সারাদেশে যে নির্বাচনগুলো হচ্ছে সে নির্বাচনগুলোতে ভোট কারচুপি হচ্ছে, দিনের ভোট রাতে হচ্ছে এবং ভোটের অধিকার থেকে দেশের মানুষ বঞ্চিত হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকাতেই আমরা দুটি জনসভা আহ্বান করেছি। একটি ঢাকা উত্তর এবং আরেকটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ বিষয়ে ইতিমধ্যে আমরা ডিএমপি যুগ্ম কমিশনার মনির হোসেনকে অবহিত করেছি। আমরা আশা করছি আগামী ১০ ও ১৬ মার্চ এই দুটি সমাবেশ করতে পারবো।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, ‘এখানে অনুমতি চাওয়ার জন্য আসিনি। আমাদের সংবিধানে কোথাও বলা নেই, অনুমতি নিয়ে সভা-সমাবেশ করতে হবে। আমরা সমাবেশ করব। আর আমাদের সমাবেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আজকে ডিএমপির যুগ্ম কমিশনারকে অবহিত করতে এসেছি। আর কার কাছে অনুমতি চাইবো। এই সরকারকে তো আমরা বৈধতাই দিচ্ছি না।’
বিএনপি কেন্দ্রীয় কমিটি সদস্য ও ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেন, ‘আমরা এখন পর্যন্ত আশাবাদী আগামী ১০ ও ১৬ তারিখ ঢাকা মহানগরে দুটি সমাবেশ করতে পারবো। আমরা সবসময় ইতিবাচক আন্দোলনের মধ্যে রয়েছি। আমরা আশা করছি, আইনশৃঙ্খলা বাহিনী আমাদেরকে সর্বাত্মক সহায়তা করবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D