১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২০
একনায়কতন্ত্র থেকে গণতন্ত্রে ফিরে আনার আন্দোলনে ইস্পাত কঠিন ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা এখন যে সংগ্রাম করছি, যে লড়াই লড়ছি করছি- সেটা আমাদের বাঁচা মরার লড়াই, এটা আমাদের অস্তিত্বের লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। তিনি বলেন, আমরা জানি যে, এই সংগ্রাম খুব কঠিন। ডেক্টেটরশীপ (একনায়কতন্ত্র) থেকে ডেমোক্রেসিতে (গণতন্ত্র) ফিরে আসা- এটা খুব কঠিন লড়াই। সেই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। সেজন্য আমাদের এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে ইস্পাত কঠিন ঐক্য। একদিকে আমাদের বিএনপির ঐক্য, সহযোগী ও অঙ্গসংগঠনগুলোর ঐক্য এবং অন্যদিকে একটা জাতীয় ঐক্য।
দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে সরকারের বিরুদ্ধে আন্দোলনে প্রসঙ্গ টেনে শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল আলোচনায় বিএনপি মহাসচিব এ কথা বলেন। জাতীয়তাবাদী দলের চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব’ এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ড্যাবের ওপর প্রামাণ্য চিত্র উপস্থাপন করা হয়। এই অনুষ্ঠানে লন্ডন থেকে প্রধান অতিথি হিসেবে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
১৯৭৯ সালের এই দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ড্যাব প্রতিষ্ঠা করেন।
তিনি আরো বলেন, জাতীয় ঐক্য তৈরি করেই আমাদেরকে অবশ্যই এই ভয়াবহ যে দানব আমাদের বুকের ওপর চেপে বসে আছে, এই যে ভয়াবহ একটি একদলীয় শাসনব্যবস্থা আমাদের ওপরে চেপে বসেছে, একে সরাতে হবে।’
সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমাদের অনেক মানুষ ত্যাগ স্বীকার করেছেন, ৩৫ লক্ষ মানুষ আসামী হয়েছেন, এক লক্ষের ওপরে মামলা হয়েছে। আমাদের হাজারের উপরে মানুষ খুন হয়ে গেছে। আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ ৫‘শ উপরে গুম হয়ে গেছেন। অসংখ্য মামলায় জর্জরিত আমাদের সমস্ত নেতা-কর্মীরা। এই নিপীড়ন থেকে এমনকি আমাদের চিকিৎসকরাও রেহাই পাননি।
বিএনপি মহাসচিব বলেন, আজকে করোনাভাইরাসের ফলে দেশে যে অর্থনৈতিক দুরাবস্থা সৃষ্টি হচ্ছে, মানুষ যে অসহায় অবস্থায় পড়ছে- এর থেকেও আমাদের বেরিয়ে আসতে হবে।
তিনি বলেন, একদিকে যেমন করোনা প্রতিরোধের জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়ে কাজ করছি, বিএনপি অঙ্গসংগঠন,সহযোগী সংগঠনগুলো -ড্যাব একইভাবে আজকে গণতন্ত্রকে রক্ষার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে আনবার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি আমাদের গণতন্ত্র ও স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক তাকে মুক্ত করবার জন্যে, আমাদের নেতা যিনি সম্ভাবনাময় আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেবকে ফিরিয়ে আনবার জন্যে আমরা যে গণতান্ত্রিক যে আন্দোলন শুরু করেছি সেই আন্দোলনকে ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে হবে।
ড্যাবের সভাপতি ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম ও সিনিয়র সহসভাপতি আবদুস সেলিমের পরিচালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল ম্ঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ড্যবের অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান বক্তব্য রাখেন।
এই ভার্চুয়াল আলোচনা সভায় ড্যাবের সাবেক সভাপতি অধ্যাপক একেএম আজিজুল হক, মহাসচিব অধ্যাপক এজেডএম জাহিদ হোসেনসহ বিভিন্ন জেলার চিকিৎসকরা যুক্ত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D