১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০২০
দেশের বন্যা পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে বিএনপি বলেছে, বন্যা নিয়ন্ত্রণে সরকার উদাসীন। সরকারের উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয়।
রবিবার (২৬ জুলাই) বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল শনিবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়। সেখানে নেতারা বন্যা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, ভারত অভিন্ন নদীগুলোর সব বাঁধ ও ব্যারেজের গেট খুলে দেওয়ায় উজান থেকে নেমে আসা বন্যার পানি বাংলাদেশে ঢুকেছে। সব কটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। সরকার একেবারেই উদাসীন। এখন পর্যন্ত কোনো উদ্ধার বা ত্রাণ কার্যক্রম শুরু করেছে বলে জানা নেই। করোনাভাইরাসের সঙ্গে এই বন্যা জনজীবনে ভয়াবহ দুর্য়োগ সৃষ্টি করেছে।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহ্বায়ক করে বিএনপি একটি ত্রাণ কমিটি গঠন করেছে। বিএনপি জানায়, দ্রুতই তারা ত্রাণ কার্যক্রম শুরু করবে। এ ছাড়া দলের এবং অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।
সভায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আউয়াল খানসহ যারা মৃত্যুবরণ করেছেন, তাদের জন্য শোক প্রকাশ করা হয়। এ ছাড়া সিদ্ধান্ত হয়, ১ আগস্ট ঈদুল আজহার দিন বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন স্থায়ী কমিটির সদস্যরা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান এবং ইকবাল হাসান মাহমুদ টুকু।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D