শাহ আরফিনে ১৫টি শ্যালো মেশিন ও ৭টি লরি ট্রাক্টর ধ্বংস করা হয়েছে

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৯

শাহ আরফিনে ১৫টি শ্যালো মেশিন ও ৭টি লরি ট্রাক্টর ধ্বংস করা হয়েছে

কোম্পানীগঞ্জের শাহ্ আরফিন টিলায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ১৫টি শ্যালো মেশিন, ৭টি লরি ট্রাক্টর ও ১৫শ’ ফুট পাইপ ধ্বংস করেছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে এ অভিযান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য অভিযান পরিচালনা করেন।
টাস্কফোর্স সূত্র জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে শাহ্ আরফিনে যান্ত্রিক পদ্ধতিতে পাথর উত্তোলন অব্যাহত রাখায় বৃহস্পতিবার অভিযানে নামে টাস্কফোর্স। অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা অংশ নেন। অভিযানকালে পাথর উত্তোলনকাজে ব্যবহৃত ১৫টি শ্যালো মেশিন ও ৭টি লরি ট্রাক্টরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। পরে সেগুলো কোয়ারি এলাকায় আগুন দিয়ে পুড়ানো হয় এবং হাতুড়ি দিয়ে অকেজো করা হয়। যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শাহ আরফিনে টাস্কফোর্সের অভিযান হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।