বছিলার ‘জঙ্গি আস্তানা’য় অন্তত দুজন নিহত হয়েছেন : দাবি বেনজীরের

প্রকাশিত: ১২:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০১৯

বছিলার ‘জঙ্গি আস্তানা’য় অন্তত দুজন নিহত হয়েছেন : দাবি বেনজীরের

মোহাম্মদপুরের বছিলার ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণে অন্তত দুজন নিহত হয়েছেন বলে ধারণা করছে অভিযানের নেতৃত্বে থাকা র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

সোমবার অভিযানের একপর্যায়ে ঘটনাস্থলে এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে পুলিশের এই এলিট ফোর্সের মহাপরিচালক জানান, বিস্ফোরণের কারণে টিনের একটি ঝুপড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

বিস্ফোরণে কতজন নিহত হয়েছেন—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘এটি আসলে ফরেনসিক বিশেষজ্ঞদের কাজ। বিস্ফোরণের কারণে সম্পূর্ণ ঘরটি বিধ্বস্ত হয়েছে। যেহেতু মানবদেহ ছিন্নভিন্ন অবস্থায় আছে, তাই এ নিয়ে মন্তব্য করা ঠিক হবে না। এটা ফরেনসিক বিশেষজ্ঞরা বলতে পারবেন, কতজন এখানে আছেন।’

‘তবে আমরা তিনটি পায়ের নমুনা দেখেছি। তাতে ধারণা করছি, মিনিমাম দুজন নিহত হয়েছেন’, যোগ করেন বেনজীর। তিনি আরো জানান, অভিযান এখনো অব্যাহত আছে।

র‍্যাবের পক্ষ থেকে দাবি করা হয়, রবিবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে বছিলার মেট্রো হাউজিংয়ে অবস্থিত বাড়িটি ঘিরে রাখে র‍্যাব সদস্যরা। বাড়িটি টিনের একচালা। সেখানে জঙ্গিরা অবস্থান করছে—এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান শুরু করা হয়েছে।

র‍্যাব-২-এর সদস্যরা এ অভিযান পরিচালনা করছেন। বাড়িটি ঘিরে রাখার পরই সেখান থেকে স্থানীয় অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়। সেটি টের পেয়ে জঙ্গিরা গুলি করে এবং বড় ধরনের বিস্ফোরণ ঘটায়। ভোর পৌনে ৫টার দিকে এই বিস্ফোরণ ঘটে বলে র‍্যাবের বরাত দিয়ে জানায় ইউএনবি।

সকালে অভিযানের একপর্যায়ে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য বাড়িটির কেয়ারটেকারসহ দুজনকে আটক করা হয়েছে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট