|
প্রকাশিত: ২:০৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০১৮
সিলেটে জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহিম এর ২৯তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকায় সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতির বক্তব্য প্রদানকালে সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব বলেন, ডায়াবেটিস এমন একটি রোগ যা শরীরে বহু বছর থাকলেও বুঝা যায় না; কিন্তু তা দেহের স্তরে স্তরে আক্রমন করে শরীরকে নষ্ট করার কাজে নীরবে রত থাকে। ফলে মানুষ নানান রোগে আক্রান্ত হয়। আমরা যদি রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারি তা হলে যেকোন রোগকে প্রতিহত করা কোন ব্যাপারই নয়। রক্তে সুগারের পরিমান বেড়ে যাওয়া মানেই ডায়াবেটিস। নিয়ম-শৃংখলা মাফিক জীবন যাপন, পরিমিত আহার গ্রহণ, নিয়মিত ব্যায়াম করন অর্থাৎ যেভাবেই হোক রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখা। রক্তে সুগার নিয়ন্ত্রন মানে ডায়াবেটিস নিয়ন্ত্রন আর ডায়াবেটিস নিয়ন্ত্রন মানে সুস্থ জীবন যাপন।
সিলেট ডায়াবেটিক হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. ললিত মোহন নাথ এর সঞ্চালনায় আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মদন মোহন কলেজ মসজিদের মোয়াজ্জিন হাফিজ মৌলানা সিরাজুল ইসলাম।
স্বাগত বক্তব্যে হাসপাতালের সুপারিনটেডেন্ট ডা. এ. জেড. মাহবুব আহমদ হাসপাতালে আগত রোগীদের পরিসংখ্যান তুলে ধরে বলেন, যাদের ডায়াবেটিস হয়ে গেছে তারা আতংকিত হবেন না, কারণ ডায়াবেটিস কোন ছোঁয়াচে বা মহামারী রোগ নয়, নিয়মশৃংখলা মেনে, নিয়মিত ব্যায়াম ও ওষুধের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে আজীবন সুস্থ্য জীবন যাপন সম্ভব।
সমিতির সাধারণ সম্পাদক লোকমান আহমদ সংক্ষিপ্ত বক্তব্যে ডায়াবেটিস রোগ থেকে বাঁচতে ও তা প্রতিহত করতে ডা. ইব্রাহিমের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিলেট ডায়াবেটিক হাসপাতাল প্রদত্ত চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য সকল ডায়াবেটিক রোগীদের প্রতি আহবান জানান।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি ডা. মোঃ আলতাফুর রহমান, সদস্য আব্দুস সামাদ নজরুল, ডাঃ আজিজুর রহমান প্রমূখ। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে হাসপাতালের ডাক্তারবৃন্দ, কর্মকর্তা-কার্মচারী, আগত রোগীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ডাঃ ইব্রাহিম সহ এ যাবৎকাল এ সমিতির প্রয়াত সকলের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মদন মোহন কলেজ মসজিদের মোয়াজ্জিন হাফিজ মৌলানা সিরাজুল ইসলাম।
এছাড়াও ডায়াবেটিক সেবা দিবসের কর্মসূচী হিসেবে সকাল ১০টা থেকে হাসপাতাল প্রাঙ্গণে আগত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস সনাক্ত করা হয়। জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ২৯তম মৃত্যু বার্ষিকী ও ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি কর্তৃক আয়োজিত বিনামূল্যে ডায়াবেটিক সনাক্তকরণ কর্মসূচী উদ্বোধন করেন সিলেট ডায়াবেটিক হাসপাতালের তত্বাবধায়ক ডা. এ.জেড মাহবুব আহমদ। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ললিত মোহন নাথ, মেডিকেল অফিসার ডাঃ এ.টি.এম. জাফর, মেডিকেল অফিসার ডাঃ এ. কে. এম. জিয়াউল হক সহ সমিতি ও হাসপাতালের কর্মচারীবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D