৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০১৮
১১ আগস্ট ২০১৮, শনিবার : অবশেষে প্রতীক্ষার পালা শেষ হল সিলেট সিটি করপোরেশন নির্বাচনের (সিসিক) মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর। তিনি স্থগিত দুটি কেন্দ্রের পুনর্নির্বাচনে প্রাপ্ত ভোটসহ সর্বমোট ৬ হাজার ২০১ ভোট বেশি পেয়ে দ্বিতীয়বারের মতো সিসিকের মেয়র নির্বাচিত হয়েছেন। তার সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ৯২ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান পেয়েছেন ৮৬ হাজার ৩৯৭ ভোট।
এর আগে শনিবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত সিলেট সিটি নির্বাচনের স্থগিত হওয়া দু’টি কেন্দ্রসহ ১৬ কেন্দ্রের পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও গোলযোগের কারণে ২৪ নম্বর ওয়ার্ডের গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২৭ নম্বর ওয়ার্ডের হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এছাড়া সংরক্ষিত ৭ নং ওয়ার্ডে ২ জন প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হয়ে যাওয়ায় পুনরায় নির্বাচন হয়।
প্রতিদ্বন্দ্বিতায় থাকা দুই মেয়র প্রার্থীর মধ্যে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান থেকে ৪৬২৬ ভোটে এগিয়ে ছিলেন। স্থগিত হওয়া গাজী বুরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ছিলেন ২২২১ জন। এর মধ্যে আজ ভোট পড়েছে ১৩১২টি। তন্মধ্যে ধানের শীষে আরিফ পেয়েছেন ১০৪৯ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ১৭৩ ভোট। এছাড়া হবিনন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষে আরিফ পেয়েছেন ১০৫৩ ভোট, নৌকায় কামরান পেয়েছেন ৩৫৪ ভোট।
সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়। তিনি জানান, ১৬টি কেন্দ্রে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাড়াও বিজিবি, র্যাব, পুলিশ, ব্যাটালিয়ন পুলিশ, ব্যাটালিয়ন আনসার ও আনসার-ভিডিপির হাজার খানেক সদস্য মোতায়েন ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D