৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৮
সদ্য সমাপ্ত সিলেট সিটি করপোরেশন নির্বাচনের স্থগিত হওয়া দুই কেন্দ্রের মৃত এবং প্রবাসী ভোটারদের বাদ দিয়ে ভোটের হিসেবে নিজেকে বিজয়ী ঘোষণার আবেদন জানিয়েছেন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।
বুধবার প্রধান নির্বাচন কমিশনার বরাবরে এ ব্যাপারে লিখিত আবেদন জানান তিনি। সিলেট সিটি নির্বাচনের রিটার্নি কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন অফিসার মো. আলিমুজ্জামানের কাছে তিনি এ আবেদন দাখিল করেন।
গত ৩০ জুলাই অনুষ্ঠিত সিলেট সিটি নির্বাচনে ১৩৪ কেন্দ্রের মধ্যে বিশৃঙ্খলার জন্য দুই কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। তবে ১৩২ কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নৌকা প্রতীকে পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট।
স্থগিত হওয়া দুই কেন্দ্রের মোট ভোট ৪৭৮৭। ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে থাকা আরিফকে হারাতে হলে ওই দুই কেন্দ্রের সব ভোট কাস্ট হতে হবে এবং সব ভোটই পেতে হবে আরিফের নিকটতম প্রতিদ্বন্দী কামরানকে। বাস্তবতার বিচারে ওই দুই কেন্দ্রের ভোট তাই এখন আনুষ্ঠানিকতা মাত্র। স্থগিত দুই কেন্দ্রে আগামী ১১ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার বরাবরে দেয়া আবেদনপত্রে আরিফ বলেন, ‘আমি এই মর্মে অবগত করতেছি যে, সিলেট সিটি কর্পোরেশনের স্থগিত হওয়া গাজী বোরহান উদ্দিন গরম দেওয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ৩২২১ ভোটারের মধ্যে ইতোমধ্যে মারা গেছেন ৮০ জন ও বাংলাদেশের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছেন আরও ৮০ জন।
অন্যদিকে, হবিনন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫৬৬ ভোটারের মধ্যে ইতোমধ্যে মারা গেছেন ৩৮ জন এবং বিদেশে আছেন ১০০ জন। এছাড়া এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন আরও ৩ জন।
স্থগিত হওয়া এই ২ কেন্দ্রের ৩০১ জন ভোটার মৃত এবং দেশের বাইরে রয়েছেন। উল্লেখিত ৩০১ জন ভোটার যেহেতু মৃত্যুবরণ এবং দেশের বাইরে অবস্থানে রয়েছেন, সেহেতু আসন্ন সিটি নির্বাচনে মেয়র কেন্দ্রে এই দুই কেন্দ্রের ভোট গ্রহণের কোনও প্রয়োজন নেই বলে আমি মনে করছি। অতএব, বিবেচনাপূর্বক আমাকে মেয়র পদে বিজয়ী ঘোষণা করতে আপনার মর্জি হয়।’
এ ব্যাপারে সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানিয়েছেন, ‘মৃত ও প্রবাসী ভোটার সম্পর্কিত কোনো তথ্য তার কাছে নেই।’

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D