২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, আগস্ট ৫, ২০১৮
গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ৫২ সালের ভাষা আন্দোলনের মধ্যদিয়ে নতুন দেশের স্বপ্ন দেখিয়েছিল ছাত্ররা। এখন আবার শিক্ষার্থীদের মাধ্যমে বাংলাদেশ জেগেছে। শিক্ষার্থীদের চলমান এই আন্দোলন ষোলোআনা সমর্থন করি। ‘উই ওয়ান্ট জাস্টিস’ এটা কত সুন্দর কথা। আমার, আপনার সবার কথা এটি। গতকাল রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরকারের প্রতি ষোলোআনা অবিশ্বাস তৈরি হয়েছে, সেটা থেকে আগে মুক্ত হতে হবে। এ সরকার বঙ্গবন্ধুর আওয়ামী লীগের নাম ব্যবহার করলেও আচরণ করছে অতীতের স্বৈরাচারী সরকারের মতো। বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তাই ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করতে হবে। এ কারণে স্বৈরাচারবিরোধী বৃহত্তর জাতীয় ঐক্য গঠনের ডাক দিয়েছে গণফোরাম।
প্রবীণ এ আইনজীবী বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে সেটা সংবিধানের ঘোষণা। কোনো প্রার্থীর পক্ষ নিয়ে কাজ করলে দেশের জন্য ডিজাস্টার হয়ে যাবে। কামাল হোসেন বলেন, নিরপেক্ষ নির্বাচন বলতে কি বোঝায় সে সম্পর্কে শেখ হাসিনার ২০০৮ সালে দেয়া বক্তব্যগুলো একটা বুকলেট আকারে জনগণের মাঝে আমরা বিতরণ করব। প্রয়োজনে ওনাকেও একটা কপিও পাঠাব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা দাবির ভিত্তিতে ঐক্যবদ্ধ হব। যারা এ দাবির পক্ষে থাকবে তাদের নিয়ে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টি করব। বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা গভীরভাবে উদ্বিগ্ন জানিয়ে কামাল হোসেন বলেন, সরকারকে মনে রাখতে হবে গণতন্ত্রকে ধ্বংস করতে তারা অনেক কিছুই করেছে।
এর আগে লিখিত বক্তব্যে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, মতপ্রকাশের স্বাধীনতা নেই। ভিন্নমতের কাউকে সভা করতে দেয়া হয় না। প্রধানমন্ত্রী দাবি মেনে নেয়ার পরও কোটা সংস্কারের আন্দোলনকারীদের ওপর হামলা, নিপীড়ন, আটকের ঘটনা ঘটেছে। স্বৈরাচারী রাষ্ট্রে পরিণত হয়েছে। পুলিশ কমিশনারের কাছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের বর্ধিত সভার লিখিত আবেদন করেও অনুমতি পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গণফোরামের কার্যকরী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু ও কেন্দ্রীয় নেতারা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D