৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩১ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৮
১ জুলাই ২০১৮, রোববার : জন্মের ১৪ বছর পর সিলেটে স্থায়ী ঠিকানা পেয়েছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন র্যাব-৯। মেজরটিলার ভাড়া বাসা ও বন্ধ হওয়া সিলেট টেক্সটাইল মিল থেকে এখন তাদের ঠিকানা শহরতলীর শাহপরাণ ব্রিজ সংলগ্ন অত্যাধুনিক র্যাব কমপ্লেক্স। আজ থেকে নতুন ঠিকানাতে কার্যক্রম শুরু হয়েছে।
বর্তমান কার্যালয়টির নির্মাণশৈলী যেমন আধুনিক ও আকর্ষনীয়, তেমনি প্রাকৃতিক সৌন্দর্যও মন কেড়ে নেয়ার মতো। এর একদিকে সুরমার রুপালী জলধারা, অন্যদিকে সবুজ প্রকৃতির মায়াবি হাতছানি। সুবিশাল এই কার্যালয়ে রয়েছে একই রঙের ১০টি অত্যাধুনিক ভবন। শুরুতেই রয়েছে অভ্যর্থনা কক্ষ। এরপর ‘আম্রকানন’ নামক একটি ব্যতিক্রমধর্মী বাগান, যা ইতিমধ্যে দেশব্যাপী ব্যাপক প্রশংসা অর্জন করেছে।
প্রশাসনিক সুযোগ সুবিধা ছাড়াও আধুনিক এ কমপ্লেক্সে আছে একটি খেলার মাঠ, এটিএম বুথ, সেমিনার কক্ষ, বাস্কেট বল ও টেনিস খেলার মাঠ, কার পার্কিং, অগ্নি প্রতিরোধ ব্যবস্থা। এছাড়াও আগামীতে একটি শিশুপার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে।
১০ একর জমির উপর নির্মিত বিশ্বমানের এই কমপ্লেক্সটির ভূমি উন্নয়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাজ শুরু হয় ২০১১ সালে। এরপর ২০১৫ সালের ২৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কমপ্লেক্সটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২ বছর পর ২০১৭ সালের ২৬ এপ্রিল একইভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমপ্লেক্সটি উদ্বোধন করেন।
২০০৪ সালে র্যাবের জন্মের পর সিলেটে এর কার্যক্রম চলছিল শহরতলীর মেজরটিলা এলাকার একটি ভাড়া বাসা ও সাবেক টেক্সটাইল মিল থেকে। গত ১৪ বছরে আইনশৃঙখলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন, মাদক ব্যবসা নিয়ন্ত্রণে তারা বেশ কিছু উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে যা সারাদেশ এমনকি বিদেশেও যথেষ্ট প্রশংসা অর্জন করেছে।
রবিবার (১ জুলাই ২০১৮) থেকে তারা কার্যক্রম শুরু করেছেন অত্যাধুনিক র্যাব কমপ্লেক্স থেকে। এখন তাদের সেবার মান আরও বৃদ্ধি পাবে, এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান। তবে র্যাব-৯ এর স্পেশাল কোম্পানি সিলেটের কার্যক্রম মেজরটিলাস্থ সিলেট টেক্সটাইল মিলে চলমান রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D