৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৭, ২০১৮
আগামিকাল ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা উপলক্ষে সিলেটে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
বুধবার সকাল থেকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার চন্ডিপুল নামক এলাকায় চেক পোস্ট বসিয়ে দূরপাল্লার যানবাহন তল্লাশী করছে তারা। র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লে: কর্নেল আলী হায়দার আজাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো: মনিরুজ্জামান জানান, ৮ ফেব্রুয়ারি উপলক্ষে দূরপাল্লার এবং শর্ট রেঞ্জের গাড়ি তল্লাশী করছেন-যাতে করে সন্দেহভাজন কোন কিছু বহন করতে না পারে।
নগরীতে টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে বলে জানান এ র্যাব কর্মকর্তা।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় কে কেন্দ্র করে সিলেট বিএনপির নেতাকর্মীদের মধ্যে রয়েছে আশঙ্কা। শুধু নেতাকর্মী না আতঙ্ক বিরাজ করছে জনসাধারনের মনেও। তবে সিলেট বিএনপির পক্ষ থেকে কোন ধরনের বিশৃঙ্খলা না করার জন্য নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানা যায়। যদি রায় খালেদা জিয়ার বিপক্ষে যায় তাহলে শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচী পালন করবে বলে জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
তিনি বলেন, যদি রায় বিরুদ্ধে যায় তাহলে আমরা শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচী পালন করবো। আমরা অবশ্যই বিশৃঙ্খলা হবে এমন কোন কর্মসূচী পালন করবো না। আমরা ইতিমধ্যে সকলকেই নির্দেশনা দিয়ে দিয়েছি যাতে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় রায়কে কেন্দ্র করে। প্রায় দুই বছর হয়ে গেছে আমরা কোন ধরনের বিশৃঙ্খলা করিওনি। এমনকি বিএনপি চেয়ারপার্সনের আগমন আমরা সুশৃঙ্খলভাবেই সফল করতে পেরেছি।
এদিকে রায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীও সজাগ রয়েছে। যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেট জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সামসুল আলম সরকার বলেন, রায়কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আমাদের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি রয়েছে। গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে চেকপোষ্ট বসানো হয়েছে। তল্লাশি চালু আছে। পাশাপাশি টহল বাহিনীও রয়েছে।
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায়কে ঘিরে জনসাধারনের মনেও একধরনের উৎকন্ঠা বিরাজ করছে। চায়ের দোকান থেকে শুরু করে সকল জায়গাতেই একই বিষয়। আগামীকাল বৃহস্পতিবার কি হবে? সিলেটের বাইরে যাদের ঢাকায় কোন জরুরী কাজ রয়েছে তারাও সিলেটের বাইরে যেতে অনেকবার ভাবছেন।
এদিকে, সিলেটে পুলিশের নাশকতাবিরোধী সাঁড়াশি অভিযানে গত ৭২ ঘণ্টায় ৬১ জনকে আটক করা হয়েছে। সিলেট জেলার পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নির্দেশনায় সিলেট জেলার বিভিন্ন থানায় গত ৪ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে নাশকতা বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সিলেট জেলার বিভিন্ন থানা এলাকায় মঙ্গলবার ২৬ জন সহ গত ৭২ ঘণ্টায় মোট ৬১ জন নাশকতাকারীকে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত সিলেট জেলা পুলিশের সাঁড়াশি বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানায় পুলিশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D