৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৮
হযরত শাহজালাল ও হযরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারতে আজ সোমবার বিভাগীয় নগরী সিলেট আসছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ৪ বছর পর তার আগমনে প্রাণচাঞ্চল্য ফিরেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে। নির্বাচনী বছরের শুরুতে দলীয় প্রধানের সফরে নেতাকর্মীরা যেমন চাঙ্গা হচ্ছেন, ঠিক তেমনি ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনের জন্য সুসংগঠিত হতে সহায়ক হবে বলে মনে করছেন বিএনপির শীর্ষস্থানীয় নেতারা।
এ কারণে খালেদা জিয়াকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতিও নিচ্ছেন তারা। কোন জনসভার আয়োজন না থাকলেও পুরো নগরীতে শোডাউনের মাধ্যমে জনসমুদ্রে পরিণত করতে প্রচারণাও করেছেন নেতাকর্মীরা। সফর সফল করতে ইতিমধ্যে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারাও সিলেটে এসে অবস্থান নিয়েছেন, দিনব্যাপী নগরীতে লিফলেট বিতরণেও অংশ নিয়েছেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির কয়েকজন সদস্য এবং সহ-সভাপতি মোহাম্মদ শাহজাহান চেয়ারপার্সনের সফরসঙ্গী হবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।
আজ সকাল ৮টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে সিলেটের উদ্দেশে রওয়ানা দেবেন তিনি। বিকেল ৩টার দিকে তিনি সিলেটে এসে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। সিলেট পৌঁছেই হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত করবেন তিনি। দুই আউলিয়ার মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে রাত যাপন করবেন। আগামীকাল মঙ্গলবার সড়কপথেই তিনি ঢাকায় ফিরবেন।
সর্বশেষ দশম জাতীয় নির্বাচনের আগে ২০১৩ সালের ৪ অক্টোবর সিলেটে জনসভায় বক্তব্য রেখেছিলেন খালেদা জিয়া। ২০ দলীয় জোটের ব্যানারে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়েছিল। এরআগে ২০১১ সালের ১০ অক্টোবর ঢাকা থেকে রোডমার্চ করে সিলেটে এসেছিলেন তিনি। পরদিন ১১ অক্টোবর আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশে বক্তৃতাও দিয়েছিলেন।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন,‘বিএনপি চেয়ারপারসনের সিলেট সফরে দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত হবেন- যা আগামীর সব আন্দোলনে শক্তি সঞ্চার করবে।’ তিনি অভিযোগ করে বলেন, ‘কয়েকদিন আগে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রীর সিলেট সফরের আগে নগরীতে ব্যাপক মাইকিং করা হয়েছে। কিন্তু আমাদের বেলায় পুলিশ প্রশাসন মাইকিং করতে বাধা দিচ্ছে। এই দ্বৈতনীতি কোনোভাবেই কাম্য নয়। এ ছাড়া দলীয় নেতাকর্মীদের বাসা-বাড়িতে পুলিশি তল্লাশির নামে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম জানান, খালেদা জিয়ার সিলেট সফরের মূল উদ্দেশ্য হচ্ছে দুই ওলির মাজার জিয়ারত করা। তবে সিলেট সার্কিট হাউজে অবস্থানকালে খালেদা জিয়া সিলেট বিভাগের বিএনপির নেতাদের নিয়ে বসবেন।
খালেদা জিয়ার সিলেট সফর কীভাবে নির্বাচনে সহায়ক ভূমিকা পালন করবে প্রশ্নের জবাবে আবুল কাহের শামীম বলেন, ‘আমরা আপাদমস্তক রাজনীতিবিদ। খালেদা জিয়াসহ বিএনপি নির্বাচনে যেতে চায়। সরকার সুষ্ঠু নির্বাচন দিলে আমরা নির্বাচনে যাব। নতুবা আন্দোলনের জন্য ঐক্যবদ্ধ হব। খালেদা জিয়ার এই সিলেট সফর ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত হবে।’
এর আগে গত ৩০ জানুয়ারি সিলেটে মাজার জিয়ারত করে জনসভার মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। একই ভাবে ১ ফেব্রুয়ারি সিলেট সফর করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D