৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৫ পূর্বাহ্ণ, নভেম্বর ৩, ২০১৭
ফেনীতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরের একটি গাড়িতে হামলার প্রতিবাদে সিলেটে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। তবে সমাবেশের পর সংগঠনটির দুই পক্ষের নেতাকর্মীদের মাঝে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় একটি সিএনজি অটোরিক্সাও ভাঙচুর করা হয়।
গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর রেজিস্ট্রারি মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করেছিল জেলা ও মহানগর বিএনপি।
সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম জানান, পূর্বনির্ধারিত সময় অনুযায়ী সমাবেশ শুরু হয়। মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক এবং তিনিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর শাখার যুগ্ম-সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
একটি সূত্র জানায়, সমাবেশ শেষে একটি মিছিল বের করার প্রস্তুতি নেয়া হয়। এ সময় মিছিলের সামনে দাঁড়ানো নিয়ে ধ্বস্তাধ্বস্তিতে লিপ্ত হয় দলের নেতা-কর্মীরা। ধ্বস্তাধ্বস্তির সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমকে ঘটনাস্থলে দেখা যায়। এ অবস্থায় মিছিল না করেই দলের সিনিয়র নেতৃবৃন্দ চলে যান।
অবশ্য, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক সমাবেশ শেষে দলের জুনিয়রদের মধ্যে এ ঘটনা ঘটে জানান। তবে, তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
প্রত্যক্ষদর্শী একটি সূত্র জানায়, সমাবেশ শেষে বিএনপির দুটি গ্রুপ ধ্বস্তাধ্বস্তির পর রেজিস্ট্রি মাঠ থেকে মিছিল বের করে। এক পর্যায়ে হাসান মার্কেটের সম্মুখে দুটি গ্রুপ মুখোমুখি হলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের বন্দর বাজার ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেন চন্দ্র দেব জানান, এ বিষয়ে তারা খোঁজ খবর নিচ্ছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D