দু,চার জন সন্ত্রাসীর জন্য দল বদনামের ভাগী হতে পারে না

প্রকাশিত: ২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০১৭

দু,চার জন সন্ত্রাসীর জন্য দল বদনামের ভাগী হতে পারে না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২/৪ জন সন্ত্রাসীর জন্য দল বদনামের ভাগী হতে পারে না। তিনি বলেন, ছাত্রলীগ নেতা ওমর মিয়াদ হত্যাকান্ডের সাথে যারাই জড়িত তাদের কোন ছাড় দেয়া হবে না। এরই মধ্যে এ হত্যাকান্ডের সাথে জড়িত খুনীদের গ্রেফতার করতে সিলেটের পুলিশ ও সিভিল প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
শনিবার দুপুরে সিলেট নগরীর রেজিস্ট্রি মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-দলের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও মিসবাহ উদ্দিন সিরাজ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, দলের মহানগর সেক্রেটারী আসাদ উদ্দিন আহমদ। সভা পরিচালনা করেন দলের জেলা সেক্রেটারী শফিকুর রহমান চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের আরো বলেন, গত এক সপ্তাহের ব্যবধানে সিলেটে দুটি রক্তাক্ত ঘটনা ঘটেছে। আমি এসব ঘটনার খোঁজ-খবর নিতে এসেছি। খুনী যেই হোক-তার রেহাই নেই-এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ। এসব ঘটনার সঙ্গে কিংবা নেপথ্যে যারাই রয়েছে-তাদের উপযুক্ত শাস্তি হবে। তিনি বলেন, আপনি যত প্রভাবশালীই হোন না কেন, কাউকে রক্তাক্ত করার অধিকার আপনার নেই। এ ঘটনার পর জেলা ছাত্রলীগের কমিটি ভেঙ্গে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, যতই কমিটি ভাঙ্গুন না কেন, এ ঘটনার বিচার হবেই হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট