২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৭
সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে অলোচনা-সমালোচনার মুখে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা এক মাসের ছুটিতে যেতে চান। এক মাসের অবকাশ শেষে সুপ্রিম কোর্ট খুলবে মঙ্গলবার। ওই দিন থেকে ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন প্রধান বিচারপতি।
সোমবার প্রধান বিচারপতি এ বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে আবেদন করেছেন বলে নিশ্চিত করেছেন, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
অ্যাটর্নি জেনারেল গণমাধ্যমকে বলেন, ‘উনি ছুটির আবেদন করেছেন, ফলে সংবিধান অনুযায়ী পরবর্তী জেষ্ঠ্য বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।’
এবিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধান বিচারপতি শারীরিক অসুস্থতার কারণে ছুটি চেয়েছেন বলে আমি জানতে পেরেছি।’
দীর্ঘ অবকাশকালীন ছুটি শেষে মঙ্গলবার থেকে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট খুলছে। আদালত খোলার দিনই প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের বিচারপতি, আইনজীবী সমিতির সভাপতি, অ্যাটর্নি জেনারেলসহ সিনিয়র আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্ট প্রশাসন প্রজ্ঞাপন জারি করেছে।
গত ২৩ সেপ্টেম্বর কানাডা ও জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। অসুস্থ মেয়েকে দেখতে গত ৮ সেপ্টেম্বর কানাডার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধান বিচারপতি। সেখানে ১০ দিন অবস্থানের পর ১৮ সেপ্টেম্বর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় এলাকার রাষ্ট্রগুলোর প্রধান বিচারপতিদের সম্মেলনে যোগ দিতে জাপান যান তিনি। প্রধান বিচারপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D