২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৭
বিশিষ্ট লেখক কলামিস্ট, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহারকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার রাত সাড়ে ৮টায় মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ দাবি জানান তিনি।
টুইটে খালেদা জিয়া বলেন, ‘ফরহাদ মজহারকে এখনি তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে, অন্যথায় এর দায় সরকারকে নিতে হবে। এটি শাসকচক্রের আরেকটি নিষ্ঠুর কর্ম।’
সোমবার ভোরে মোহাম্মদপুর আদাবরের ‘হক গার্ডেন’র নিজ বাসা থেকে বের হওয়ার পর ফরহাদ মজহারকে অপহরণ করা হয় বলে জানিয়েছে তার পরিবার।কবির পরিবারের ঘনিষ্ঠ এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, ভোর ৫টা ২৯ মিনিটের দিকে কবি তার স্ত্রী ফরিদা আখতারকে ফোন করে বলেন ‘ওরা আমাকে নিয়ে যাচ্ছে, ওরা আমাকে মেরে ফেলবে।’ পরে সকাল সাড়ে ৬টার দিকে তার ফোন থেকে আবারো ফোন করে ফরিদা আখতারের কাছে ৩৫ লাখ টাকা চাওয়া হয়।
এভাবে কয়েক দফা ফোন করে টাকার বিষয়ে জানতে চাওয়া হয়। না পেলে তার প্রাণনাশের হুমকিও দেয়া হয়।
পরে তার পরিবারের পক্ষ থেকে ফরহাদ মজহারের অপহরণের বিষয়টি আইনশৃংখলা বাহিনীকে অবহিত করা হলে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আদাবর থানার পুলিশ সদস্যরা কবির ফ্ল্যাট পরিদর্শন করেন।
এদিকে সোমবার বিকালে ফরহাদ মজহারের মোবাইল নম্বরটির অবস্থান খুলনার সোনাডাঙ্গা থানার ইবরাহিম মিয়া সড়কে বলে জানতে পারে আইনশৃংখলা বাহিনী।
পরে বিকাল ৪টা থেকে ওই সড়কে অভিযান শুরু হয়। ওই সড়ক থেকে একটি পরিত্যক্ত মাইক্রোবাস উদ্ধার করেছে র্যাব। এছাড়া বাড়ি বাড়ি তল্লাশি চলছে।
রাত পৌনে ১০টা পর্যন্ত অভিযান অব্যাহত ছিল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D