১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৭
সিলেটের ওসমানীনগর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এতে ক্রমেই বেড়ে চলেছে মানুষের দূর্ভোগ। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা বন্যা কবলিত হচ্ছে বলে জানা গেছে। ইতিমধ্যে এলাকার অধিকাংশ ঘরবাড়ি-রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে গেছে।
জনপ্রতিনিধিদের দেয়া তথ্যমতে উপজেলার ৮ ইউনিয়নের ৫ হাজারের বেশি পরিবার বন্যা কবলিত হয়ে মানবেতর জীবন যাপন করছে। তবে উপজেলা প্রশাসনের হিসাব অনুযায়ী ৩ হাজার পরিবার বন্যা কবলিত।
প্রাকৃতিক এই দূর্যোগে দরিদ্র জনগোষ্টির জন্য পর্যাপ্ত ত্রাণ বরাদ্ধ না থাকায় অনাহার অর্ধাহারে দিনরাত কাটাচ্ছে শতশত পরিবার। দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় কাচা ঘরবাড়ি ধ্বসে পড়তে শুরু করেছে। আঞ্চলিক সড়ক গুলো পানির নিচে থাকায় এলাকার যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানিবন্দি পরিবার গুলোর অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্যা কবলিত হয়ে দূর্ভোগে থাকলেও তাদের ভাগ্যে জুটছেনা কোন ত্রাণ সাহায্য। গত ২৯ জুন জেলা প্রশাসক কার্যালয় থেকে বন্যা কবলিতদের জন্য ৮ মে. টন চাল ও নগদ ৩৬ হাজার টাকা বরাদ্ধ পাওয়া গেলেও এখনো চাল পাওয়া যায়নি। ত্রাণ সাহায্য না পেয়ে এলাকার জনপ্রতিনিধিদের ওপর চরম ক্ষুব্ধ রয়েছেন দরিদ্র লোকজন।
লামা তাজপুর গ্রামের হরেন্দ্র বিশ্বাস বলেন, আমরা ধনী লোক তাই কোন কিছু পাই না। ১ মাসের অধিক সময় ধরে বন্যা কবলিত হয়ে খেয়ে না খেয়ে আছি। কিন্তু আমার ভাগ্যে কোন সাহায্য জুটেনি।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে, এলাকার লামা তাজপুর, সুরিকোণা, ইব্রাহিমপুর, মোবারকপুর, গালিমপুর, চাতলপাড়, রহমতপুর, সৈয়দপুর, শাহ জালাল (র.) ফকিরাবাদ, ভাগলপুর, কলারাই সুরুজ আলী, কলারাই, জায়ফরপুর, সিকন্দরপুর, কিয়ামপুর, জিয়াপুর, মশাখলা, ভল্লবপুর, মুক্তারপুর ও তিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ অন্তত ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের বন্যা আক্রান্ত। একই সাথে এসব বিদ্যালয়ের যাতায়াতের সড়ক গুলো রয়েছে পানির নিচে।
অপরদিকে রহমতপুর উচ্চ বিদ্যালয়, এহিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়, শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়, গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়, খাদিমপুর উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে বন্যা কবলিত।
রোজা এবং ঈদের দীর্ঘ ছুটির শেষে গত শনিবার বিদ্যালয় খুললেও অনেক বিদ্যালয় ছিল শিক্ষার্থী শূন্য। এলাকার আঞ্চলিক সড়ক ও বিদ্যালয় বন্যার জলে তলিয়ে যাওয়ায় কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না। যার কারণে অঘোষিত ভাবে বন্ধ রয়েছে অনেক বিদ্যালয়। মাধ্যমিক স্তরের বিদ্যালয় গুলোতে আগামী ৬ জুলাই অর্ধবার্ষিক/প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে পানিতে নিমজ্জিত থাকায় রহমতপুর উচ্চ বিদ্যালয় ১ সপ্তাহ জন্য ছুটি ঘোষণা দিয়েছে। অন্যান্য বিদ্যালয়ে সময় মতো পরীক্ষা হবে কী না এনিয়ে শংসয়ে রয়েছেন সংশ্লিষ্টরা। এমন পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীরা লেখাপড়ায় পিছিয়ে পড়ার আশংকা রয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুন বলেন, আমার জানামতে ২১ বিদ্যালয়ের মাঠ এবং রাস্তা ঘাট বন্যার জলে তলিয়ে গেছে। যার কারণে শিশুরা বিদ্যালয়ে আসতে পারছে না।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল লেইছ বলেন, উপজেলার সর্বত্রই অনেক ঘরবাড়ি এবং আঞ্চলিক সড়ক গুলো বন্যা পানিতে তলিয়ে গেছে। অনেক বিদ্যালয়ের মাঠে ও শ্রেণিকক্ষে পানি রয়েছে। বন্যা পরিস্থিতির উন্নতি না হলে উপজেলার সব বিদ্যালয়ের পরীক্ষার সময় সূচী পিছিয়ে দেয়া ছাড়া উপায় থাকবে না।
বর্তমানে এলাকায় ব্যাপক হারে পানিবাহিত রোগ ও ভাইরাস জ্বরের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। উপজেলায় সরকারি কোন হাসপাতাল না থাকায় রোগাক্রান্তরা চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে ভিড় জমাচ্ছেন। এলাকার স্বাস্থ্যকর্মীরা তাদের সাধ্যমত সেবা প্রদান করে যাচ্ছেন।
সরেজমিনে গোয়ালাবাজার এলাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের সাথে আলাপ করে জানা যায়, পেটের পীড়া, ডায়রীরয়া, প্রচন্ড জ¦র, সর্দি, কাশিসহ চর্মরোগে ভোগছেন তারা। চিকিৎসকরা জানান, ইদানিং পানিবাহিত রোগ আক্রান্ত এবং ভাইরাস জ¦রে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শিশু রোগীর সংখ্যাও বেশী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান বলেন, বন্যা পরিস্থিতির অবনতি না হলেও উন্নতি হয়নি। এব্যাপারে তদারকি রাখতে উপজেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। পূর্বে প্রেরিত তালিকা অনুযায়ী বরাদ্ধ পাওয়া ৮ মে. টন চাল আগামীকাল সোমবার উত্তোলন করে বিতরণ করা হবে। নতুন করে বন্যা কবলিত পরিবারের তালিকা এবং ত্রাণ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছি। বন্যার্তদের সাহায্যে সরকারের পাশাপাশি সমাজের ধনী ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D