সিলেটে ১৮২ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৬

সিলেটে ১৮২ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট নগরীর শশাহপরান এলাকায় ১৮২ পিস ভারতীয় কম্বলসহ দুইজনকে আটক করেছে মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (১৯ জানুয়ারি) ভোর ৬টায় শাহপরাণ থানাধীন মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার সন্ধ্যায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন—বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার গোবিন্দপুর এলাকার মৃত হরিহর সাহার ছেলে বলরাম সাহা (৫৪) এবং ভোলা জেলার চরফ্যাশন থানার মাদ্রাজ এলাকার মৃত আমির হোসেন হাওলাদারের ছেলে আলী রাজ (৫৪)।

পুলিশ জানায়, সোমবার ভোরে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমা গেইট থেকে মুরাদপুর সড়কে সিলেট ক্যান্টনমেন্টের প্রত্যাশা গেইট সংলগ্ন জনৈক বেলাল মিয়ার বাড়ির সামনে পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিভিন্ন কোম্পানির বড় ও ছোট সাইজের ১৮২ পিস ভারতীয় কম্বল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬ লাখ ৭৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এসএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট