২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৬
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের আসন সমঝোতায় সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী দিচ্ছে জামায়াতে ইসলামী। বাকি ৯টি আসন জোটভুক্ত অন্যান্য শরিক দলকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে সিলেট বিভাগে জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) কোনো আসন দেওয়া হয়নি, যদিও সারাদেশে দলটিকে ৩০টি আসন ছেড়ে দিয়েছে জামায়াত।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৯টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ সময় তিনি জানান, জোটগত সমঝোতার ভিত্তিতে জামায়াতে ইসলামী মোট ১৭৯টি আসনে প্রার্থী দেবে।
যদিও সংবাদ সম্মেলনে আসনভিত্তিক পূর্ণ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে দলটির একটি বিশ্বস্ত সূত্রে সিলেট বিভাগের যেসব আসনে জামায়াত প্রার্থী দিচ্ছে, সেগুলোর তথ্য পাওয়া গেছে।
সূত্র অনুযায়ী, সিলেট বিভাগে জামায়াতে ইসলামী প্রার্থী দেবে— সিলেট-১ (সিলেট সদর ও সিটি কর্পোরেশন), সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ), সিলেট-৪ (জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ), সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার), সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা), সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর), সুনামগঞ্জ-৫ (ছাতক ও দোয়ারাবাজার), মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী), মৌলভীবাজার-২ (কুলাউড়া) এবং হবিগঞ্জ-১ (নবীগঞ্জ ও বাহুবল) আসনে।
১১ দলীয় জোটের আসন সমঝোতায় ২৫৩টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। শরিক দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পাবে ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এবি পার্টি ৩টি, এলডিপি ৭টি, বিডিপি ২টি এবং নেজামে ইসলাম পার্টি ২টি আসনে নির্বাচন করবে। জোটভুক্ত অন্য তিন দলের আসন এখনো ঘোষণা করা হয়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সিলেট বিভাগে জামায়াতের শক্ত অবস্থান এবং প্রবাসী ভোটারদের প্রভাব বিবেচনায় রেখে এই আসন বণ্টন করা হয়েছে। সিলেটে এনসিপিকে কোনো আসন না দেওয়ার বিষয়টি নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D