তারেক রহমানের সিলেট সফর সফল করতে সিলেট জেলা বিএনপি’র সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৬

তারেক রহমানের সিলেট সফর সফল করতে সিলেট জেলা বিএনপি’র সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন সিলেট সফর ও নির্বাচনী জনসমাবেশ সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে সিলেট জেলা বিএনপি।

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় নগরীর মেন্দিভাগস্থ এমরান’স অ্যাসোসিয়েটস অফিসে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের এই সফর শুধু সিলেটের জন্য নয়, বরং দেশের গণতান্ত্রিক রাজনীতির ইতিহাসে একটি মাইলফলক। অতীতে ফ্যাসিবাদী শাসনের ভয়ভীতি উপেক্ষা করে আমরা সফল সমাবেশ করেছি। এবারও আমাদের সাংগঠনিক ঐক্য ও শৃঙ্খলার মাধ্যমে এই নির্বাচনী জনসমাবেশ সফল করতে হবে। কারণ, এই সফরের দিকে আজ সারাদেশ এমনকি বিশ্বের দৃষ্টি নিবদ্ধ।

তিনি আরও নির্দেশ দেন যে, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী প্রত্যেক প্রার্থী নিজ নিজ সংসদীয় এলাকা থেকে সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করবেন এবং জনসভার আগের দিন থেকেই নেতাকর্মীরা আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নেবেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় সভায় সিলেট-২ আসনের প্রার্থী তাহসিনা রুশদি লুনা বলেন, তৃণমূল পর্যায়ে প্রচারণায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সমাবেশস্থলে জনস্রোত সৃষ্টি করতে হবে। উপজেলা ও পৌরসভা অনুযায়ী আসনভিত্তিক অবস্থান নিশ্চিত করা জরুরি।

সিলেট-৩ আসনের প্রার্থী মোহাম্মদ আব্দুল মালেক তার বক্তব্যে বলেন, চেয়ারম্যানের সিলেট আগমন আমাদের জন্য গর্বের বিষয়। ইনশাআল্লাহ, তিনি আসার আগেই জনসভা জনসমুদ্রে পরিণত হবে।

সিলেট-৪ আসনের প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বকে এক নজর দেখতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে। তাই পাড়া-মহল্লাভিত্তিক প্রচারণা আরও জোরদার করতে হবে।

বিশেষ বক্তব্যে ডা. এনামুল হক চৌধুরী জোনভিত্তিক পরিকল্পনা ও ম্যাপিংয়ের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্ব দেন। বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেন, শান্তিপূর্ণ পরিবেশে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে জননেতাকে অভ্যর্থনা জানানোর সুযোগ করে দেওয়া আমাদের দায়িত্ব।

সভায় সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন ও দায়িত্ব বণ্টনের মাধ্যমে সাংগঠনিক প্রস্তুতি আরও জোরদার করার সিদ্ধান্ত গৃহীত হয়।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তারেক রহমানের এই সফর ও নির্বাচনী জনসভা হবে সিলেটের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ ও বৃহত্তম জনসমাবেশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট