গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপ ৭ম শ্রেণির ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৬

গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপ ৭ম শ্রেণির ছাত্রী বাল্যবিবাহ থেকে রক্ষা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৭ম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের হাদারপাড় গোরাগ্রাম বিলে পাড় গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, কনের বয়স মাত্র ১৫ বছর। বিয়ের সব প্রস্তুতিও সম্পন্ন ছিল। কনের বাড়ির সামনে বরযাত্রীদের স্বাগত জানাতে গেট তৈরি করা হয়, আপ্যায়নের জন্য রাখা হয় নানা ধরনের খাবার। দুপুরের দিকে ৩০-৪০ জন বরযাত্রী আসার কথা ছিল এবং বিয়ের নিবন্ধনের জন্য কাজিকেও ডাকা হয়েছিল।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাল্যবিবাহ বন্ধ করার নির্দেশ দেন। স্থানীয়দের উপস্থিতিতে কনের মা ও স্বজনদের বাল্যবিবাহের কুফল এবং প্রচলিত আইন সম্পর্কে অবহিত করা হয়। পরে তাৎক্ষণিকভাবে বিয়ের সব আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে একই উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মনাইকান্দি লক্ষণছড়া গ্রামের রাজু নামের এক যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ছিল।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক সাংবাদিকদের বলেন, “বাল্যবিবাহ একটি শাস্তিযোগ্য অপরাধ। এর মাধ্যমে কিশোরীদের ভবিষ্যৎ চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক অভিযান চালিয়ে বিয়েটি বন্ধ করা সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, কনের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে বিয়ে দেওয়া হবে না—এ মর্মে অভিভাবকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। অভিযানের সময় গোয়াইনঘাট থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট