৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫
বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হুমায়ূন কবির বলেছেন, বিএনপি নির্বাচনের জন্য সব সময় প্রস্তুত। আমরা আশাবাদী মানুষের ম্যান্ডেট নিয়ে আগামী ফেব্রুয়ারিতে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে। নির্বাচনে বিজয়ী হয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যাবে।’
শুক্রবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্য থেকে সিলেটে ফিরে হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ মসজিদে জুমার নামাজ আদায় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে শঙ্কা রয়েছে, এ নিয়ে বিএনপি কী ভাবছে- এমন প্রশ্নের জবাবে হুমায়ূন কবির বলেন, ‘মানুষের মধ্যে কিছু শঙ্কা থাকতেই পারে। কিছু দলের হস্তক্ষেপ ও কিছু উপদেষ্টার আচরণ মানুষকে আশ্বস্থ করছে না। এসব নিয়ে আমাদের দলের প্রতিনিধি দল কিছুদিন আগে প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন। করণীয় কী তাও বলে এসেছেন। লেভেল প্লেয়িং এনভায়রনমেন্ট তৈরীর জন্য করণীয়ও বলে এসেছেন।’
পিআর ও গণভোট নিয়ে জনগণ চিন্তা করবে মন্তব্য করে হুমায়ূন কবির বলেন, ‘মানুষ আগ্রহ নিয়ে আছে ভোট দেওয়ার জন্য। তারা মনে করছে ১৭ বছর পর তারা ভোটাধিকার ফিরে পেয়েছে। তারা ভোট দিতে চায়।’
আগামী কিছুদিনের মধ্যে তারেক রহমান দেশে ফিরবেন জানিয়ে তিনি বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে। ফেব্রুয়ারিতে নির্বাচন। তাই কিছুদিনের মধ্যেই তারেক রহমান দেশে ফিরবেন।’
মাজার জিয়ারতকালে তাঁর সাথে ছিলেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. এনামুল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী প্রমুখ।
এর আগে দুপুরে হুমায়ূন কবির সিলেট ফিরলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে দলীয় নেতাকর্মীরা সংবর্ধিত করেন।
প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে গত ২২ অক্টোবর বুধবার দলের যুগ্ম মহাসচিব করা হয়। তিনি এই দায়িত্বে থেকে দলটির আন্তর্জাতিক বিষয়গুলো দেখভাল করবেন বলে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এরপর আজ শুক্রবার সিলেট এসে তিনি মাজার জিয়ারত করেন।
হুমায়ুন কবির লন্ডনে স্থানীয় রাজনীতি ছেড়ে বিএনপিতে সক্রিয় হন। এরপর তিনি হয়ে উঠেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক কর্মকাণ্ডের অন্যতম সহযোগী।
সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে তিনি বিএনপির প্রতিনিধি হয়ে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে দেশবাসীর নজর কাড়েন।
হুমায়ুন কবির সিলেট-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। এই আসনের আরেক মনোনয়নপ্রত্যাশী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা তাহসীনা রুশদীর লুনা। নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী লুনা দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় রয়েছেন।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের একটি আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন হুমায়ুন কবির, সম্পতি এমনটি জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আর হুমায়ুন কবির জানিয়েছেন, নির্বাচন করলে তিনি সিলেট-২ আসন থেকেই করবেন। তার এই ঘোষণায় বিশ্বনাথ, বালাগঞ্জ ও ওসমানীনগর নিয়ে গঠিত সিলেট-২ আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দিয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D