জুড়ীতে পরিত্যক্ত ঘর থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫

জুড়ীতে পরিত্যক্ত ঘর থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের জুড়ীতে একটি পরিত্যক্ত ঘর থেকে মো. ছালিক রানা (৩৫) নামে এক ট্রাক চালকের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের পূর্ব হরিরামপুর (মইজন নগর) গ্রাম থেকে জুড়ী থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

ছালিক উপজেলার জায়ফরনগর ইউনিয়নের চম্পকলতা গ্রামের মৃত মাসুক মিয়ার প্রথম পুত্র।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, এক সন্তানের জনক ছালিক রানা পেশায় ট্রাক ড্রাইভার। রাতের কোনো এক সময় ছালিকসহ তিনজন লোক পূর্ব হরিরামপুর গ্রামে একটি কলোনীর ওই পরিত্যক্ত ঘরে যান। রাত প্রায় সাড়ে ১২টায় পার্শ্ববর্তী ঘরের লোকজন পরিত্যক্ত ঘরে একজন মানুষকে পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে ফোন করে জানান। পরে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আগামী ৭ নভেম্বর অনুষ্টিতব্য জুড়ী উপজেলা ট্রাক ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ছালিক সহ-সভাপতি পদে প্রার্থী ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার অফিসার ইনচার্জ মো. মুর্শেদুল আলম ভূইয়া বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। প্রতিবেদন পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট