৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ২৪, ২০২৫
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ, দিরাই ও জগন্নাথপুর উপজেলার মিলনস্থল মহাসিং নদীর চন্ডিডহর। একটি সেতুর অভাবে যুগ যুগ ধরে নদী পারাপারে চরম দুর্ভোগের শিকার হয়ে আসছেন তিন উপজেলার লাখো মানুষ। শিক্ষা, স্বাস্থ্য, বানিজ্যের ক্ষেত্রে পিছিয়ে আছেন সুনামগঞ্জের তিন উপজেলার বাসিন্দারা।
দীর্ঘদিনের এই জনভোগান্তি দুর করতে হোসেনপুর বাজার সংলগ্ন চন্ডিডহরে স্থায়ী সেতু নির্মাণের দাবিতে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২ টায় এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘চন্ডিডহরে সেতু চাই, এখনই চাই’ ‘অঙ্গীকার নয়, বাস্তবায়ন চাই’ ‘ভোগান্তি নয়, চাই স্থায়ী সমাধান’ ‘জনগণের দাবি, সেতু নির্মাণ হোক এখনই’—এমন অসংখ্য দাবি সম্বলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে চন্ডীডহর পাড়ে জড়ো হন হাজারো প্রবীন, তরুণ, শিক্ষার্থী, ব্যবসায়ী, প্রবাসীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
মুফতি সিরাজুল ইসলাম ও মকবুল হোসেনের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি শাহিনুর পাশা চৌধুরী, ইউপি চেয়ারম্যান হুমায়ুন রশীদ লাভলু, ডা. মামুনুর রশিদ, শিক্ষক প্রতিনিধি সজ্জাদ আলী, আমিরুল ইসলাম, ইসমে আজম শিহাব, মিজানুর রহমান মিজান, ইউপি সদস্য নূর আলম ও লায়েক আহমেদ, সমাজসেবক শাহিনুর পাশা, শাহ আজিজ, প্রবাসী শিমুল চৌধুরী, আব্দুল হালিম এবং তরুণ সংগঠক সালে আহমেদ খান কুতুব।
বক্তারা তাদের বক্তব্যর বলেন, ‘চন্ডিডহরে একটি স্থায়ী সেতু নির্মাণ এখন সময়ের দাবি। এই সেতুটি হলে তিন উপজেলার মানুষ সরাসরি যোগাযোগের সুবিধা পাবে, কৃষি ও ব্যবসা-বাণিজ্য প্রসারিত হবে।’
তারা আরও বলেন, ‘প্রতিদিন অসংখ্য মানুষ নদী পারাপারে জীবন ঝুঁকি নিয়ে চলাচল করে। বর্ষার সময় নৌকা ডুবে দুর্ঘটনাও ঘটে। শিক্ষার্থীরা স্কুল-কলেজে যেতে পারে না, কৃষক তাদের পণ্য বাজারে নিতে পারে না। এই সেতুটি নির্মাণ হলে শুধু তিন উপজেলা নয়, পুরো সুনামগঞ্জ জেলার দক্ষিণাঞ্চলের উন্নয়ন ত্বরান্বিত হবে।’
বক্তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘চন্ডিডহর সেতু এখন আর স্বপ্ন নয়, এটি জনজীবনের অপরিহার্য বাস্তব চাহিদা। অবিলম্বে স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প অনুমোদন ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।’
বক্তারা আর বলেন, ‘আমরা রাজনীতি নয়, উন্নয়ন চাই। জনগণের দাবিকে সম্মান জানিয়ে চন্ডিডহর সেতু দ্রুত বাস্তবায়ন হোক— এটাই আমাদের প্রত্যাশা।’
এসময় শান্তিগঞ্জ, জগন্নাথপুর ও দিরাই উপজেলার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D