বিশ্বনাথে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি-দোকান ভাঙচুর

প্রকাশিত: ৮:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৫

বিশ্বনাথে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি-দোকান ভাঙচুর

সিলেটের বিশ্বনাথে দুই ছাত্রদলনেতার দ্বন্দ্বের বিষয়টি মিমাংশা করার জন্য অনুষ্ঠিত সালিশ থেকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এরই জের ধরে বুধবার (২২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কালীগঞ্জ বাজারে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা সংগঠিত হয়েছে।

এসময় একটি প্রাইভেট কারসহ বাজারের বেশ কয়েকটি দোকান ভাংচুর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হলেও কারো নাম প্রকাশ করেননি উভয় পক্ষের লোকজন।

জানা যায়, কালিগঞ্জ বাজার বনিক সমিতির অফিস কক্ষে সালিশের সময় দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয় এবং তা দ্রুত সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন দুষ্কৃতকারীরা সমিতির সভাপতি সৈয়দ রাজ্জাক আলীর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যার পর কালীগঞ্জ বাজারে ছাত্রদলনেতা এনামুল ইসলাম ও দেলোয়ার হোসেন লিটনের মধ্যে বাকবিতন্ডা হাতাহাতির ঘটনা সংগঠিত হয়। এর জের ধরে বিষয়টি নিয়ে উত্তেজনা বৃদ্ধি পেতে থাকলে কালীগঞ্জ বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ’সহ ব্যবসায়ী নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ তা আপশ-মিমাংশায় শেষ করার জন্য উভয় পক্ষকে নিয়ে একটি বৈঠকে বসেন।

কালীগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আব্দুর রাজ্জাকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এক পক্ষের উচ্চ সুরে ও উশৃঙ্খল শব্দ ব্যবহারের ফলে বিষয়টি শেষ না হওয়ার পথে গিয়ে, উল্টো বড় আকার ধারণ করে। আর এরই সূত্র ধরে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।

খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানা পুলিশ নিশ্চিত করেছে, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ শান্ত এবং বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষের কারণ ও গাড়ি দোকান ভাঙচুরের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ‘পরিস্থিতি (বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত) শান্ত রয়েছে। ওই এলাকায় পুলিশী টহল অব্যাহত রয়েছে। তবে কোন পক্ষই এব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট