সিলেটে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি ছিনতাইয়ের শিকার

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৫

সিলেটে গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি ছিনতাইয়ের শিকার

সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন সুনামগঞ্জ রোডের যুগীরগাঁও বলাউড়া বাজার মোড়ের কাছে গ্রামীণফোনের এক বিক্রয় প্রতিনিধি ছিনতাইয়ের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ১৯ অক্টোবর রবিবার সন্ধ্যায়।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার, সিলেটের জালালাবাদ থানাধীন নগরীর ৩৮নং ওয়ার্ডের আখালিয়াঘাট এলাকার বাসিন্দা আজিম উদ্দিনের ছেলে হুসেন আহমেদ শিমুল (৩৩) বাদী হয়ে ২১ অক্টোবর মঙ্গলবার সকালে জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, হুসেন আহমেদ শিমুল গ্রামীণফোন কোম্পানীর ডিস্টিবিউশন এর সিলেট ট্রেডিং এজেন্সি মদিনা মার্কেট এর অধিনস্থ সেল এক্সিকিউটিভ পদে চাকুরি করেন। গত ১৯ অক্টোবর রবিবার সন্ধ্যা সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে তিনি লামাকাজী এলাকায় কোম্পানির কাজ শেষে করে সহকর্মী আবৃত তালুকদারকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে ফিরছিলেন। ফিরার পথে সিলেট শহরতলীর সুনামগঞ্জ রোডের যুগীরগাঁও বলাউড়া বাজার মোড়ের কাছে পৌঁছামাত্র দুটি মোটরসাইকেলে চারজন অজ্ঞাতনামা ছিনতাইকারী তাদের গতিরোধ করে।

এ সময় ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এবং অস্ত্রের মুখে শিমুলকে ভয়ভীতি দেখিয়ে তার সাথে থাকা নগদ প্রায় দেড় লাখ টাকা ও প্রায় ৫০ হাজার টাকার মোবাইল কার্ড (মিনিট ও এমবি) এবং মোটরসাইকেলের (সিলেট মেট্রো-হ ১১-৬৯১৫) কাগজপত্র ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের অস্ত্রের আঘাতে শিমুলের পিঠে মারাত্মক রক্তাক্ত জখম হয়। ঘটনার সময় আবৃত তালুকদারও প্রাণে বাঁচতে দৌড়ে পালাতে গিয়ে আহত হন।

হুসেন আহমেদ শিমুল অভিযোগে ছিনতাইকৃত মালামাল, নগদ টাকা ও মোটরসাইকেলের কাগজপত্র উদ্ধার ও ছিনতাইকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট