১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৭
সিরাজগঞ্জ : নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে পাঠিয়েছে আদালত।
সোমবার বেলা সাড়ে ১১টায় ইকবাল হাসান মাহমুদ টুকু তিনটি মামলায় আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন।
জামিনের শুনানি শেষে বিচারক জাফরোল হাসান জামিন নামঞ্জুর করে ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইকবাল হাসান মাহমুদ টুকুকে কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার সিরাজগঞ্জে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল ডেকেছে জেলা বিএনপি।জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুর রহমান জানান, ২০১০ সালের ১১ অক্টোবর সদর উপজেলার সয়দাবাদের মুলিবাড়িতে ছাত্রনেতা নাজির উদ্দিন জেহাদের স্মরণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
ওই সমাবেশ চলাকালে দ্রুতগতির একটি ট্রেনে কাটা পড়ে বিএনপির ছয় কর্মী নিহত হন। এ সময় সমাবেশ স্থলে উপস্থিত বিএনপি-নেতাকর্মীরা ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন।
এ ঘটনায় বিএনপির ভাইস চেয়াম্যান ইকবাল হাসান মাহমুদ টুকুসহ কয়েক হাজার নেতাকর্মীকে আসামি করে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও), যুবলীগ নেতা অ্যাডভোকেট গোলাম হায়দার, ফায়ার সার্ভিস, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২, বঙ্গবন্ধু পশ্চিম থানা, দিনাজপুরের পার্বতীপুর জিআরপি থানা ও সিরাজগঞ্জ বাজার জিআরপি থানার পক্ষ থেকে পৃথক সাতটি মামলা দায়ের করা হয়। এরই মধ্যে এসব মামলার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়ছে। টুকু সকালে এর তিন মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D