১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ৩০, ২০১৭
কুমিল্লা: রাত পোহালেই বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হবে বহুল আলোচিত কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজের মধ্যে জঙ্গি আস্তানা ঘিরে নতুন উদ্বেগের সৃষ্টি হয়েছে ভোটার-প্রার্থীদের মধ্যে। এরপরও সুষ্ঠু নির্বাচন হবে বলে আশা করছেন প্রার্থীরা।
এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সামগ্রী। নির্বাচন কমিশন যেকোনো মূল্যে সুষ্ঠু নির্বাচন করার অঙ্গিকার করেছে। নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিকাল থেকে তাদের টহল জোরদার করেছে।
নির্বাচনী এলাকা ঘুরে বিভিন্ন এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে প্রার্থী আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা এবং বিএনপির মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। তারা উভয়েই নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।
বিএনপির প্রার্থী মনিরুল হক সাক্কু বলেছেন, প্রচারণার মাঠে যেধরনের গণজোয়ার লক্ষ্য করেছি তাতে নির্বাচন সুষ্ঠু হরে আমি বিজয়ী হবো, এতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমাও বলেছেন, নির্বাচনী প্রচার নেমে ভোটারদের যেধরনের মনোভাব লক্ষ্য করেছি তাতে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তবে উভয় প্রার্থীই বলেছেন, নির্বাচন সুষ্ঠু নির্বাচন হলে তাতে হেরে গেলেও তারা ফলাফল মেনে নিবেন।
প্রার্থীরা যাই বলুক প্রধান দুদলের শীর্ষ পর্যায়ের নীতি-নির্ধারক ও নেতাদের মধ্যে এ নির্বাচন নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। বুধবার দুপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির ৩ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সাথে বৈঠক করে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, ‘কুমিল্লায় আমাদের এজেন্ড ও তাদের পরিবারকে ভয়ভীতি, মারধর, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে, আমাদের এজেন্ডরা কেন্দ্রে যাওয়া নিয়ে শঙ্কায় আছে, সেখানে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে এখন প্রশ্ন। ক্ষমতাসীনদের এ নির্বাচন ইজ্জতের ব্যাপার, তারা যেকোন ভাবে জোর জবরদস্তি করে এ নির্বাচনে জয়ী হতে চায়, তাই তারা ভোট চুরিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।’
এছাড়া বিএনপির অন্যান্য নেতাদের ভাষ্যমতে, নির্বাচনে ভোট চুরির নীলনকশা একেঁছে ক্ষমতাসীন দল, তারা চায় ভোট চুরি করে জয়ী হতে।
এদিকে এর আগে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার সাথে দেখা করে তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। তাদের ভাষ্যমতে, নির্বাচন কমিশন অতিমাত্রায় নিরপেক্ষ দেখাতে গিয়ে কমিশন তাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছে। ফলে তারা সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানিয়েছেন।
তবে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা কুসিক নির্বাচন অবাধ, নিরপেক্ষ করার জন্য যা যা করার দরকার তাই করার অঙ্গিকার ব্যক্ত করেছেন।
এদিকে এই নির্বাচনে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনে রিটার্নিং অফিসার রকিবউদ্দিন মন্ডল জানান, নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন এজন্য নির্বাচন কমিশন সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে।
বুধবার দুপুর ১টা থেকে প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী বিতরণ হয়। কুমিল্লার টাউন হল থেকে সহকারী রিটার্নিং অফিসার মোট ১০৩টি ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের কাছে এ নির্বাচন সামগ্রী বুঝিয়ে দেয়া হয়। নির্বাচনী সামগ্রীর মধ্যে রয়েছে ব্যালট বক্স, সিল, প্যাড, অমোচনীয় কালিসহ অন্যান্য সামগ্রী ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে টানা ৪টা পর্যন্ত চলবে।
কমিশন সূত্র জানায়, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এ নির্বাচনে ২৭টি ওয়ার্ডে মোট ১০৩টি ভোটকেন্দ্র রয়েছে। ভোটাররা যেন শান্তিপূর্ণ পরিবেশ ও নির্বিঘ্নে ভোট দিতে পারেন সেজন্য ৩৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এক হাজার ৬৭৬ জন পুলিশ সদস্য, এক হাজার ২৩৬ জন আনসার, ৩২২ জন র্যা ব ও ৪৮০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২৭ জন পর্যবেক্ষককে নিয়োগ দিয়েছেন নির্বাচন কমিশন।
বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের আগে কুমিল্লার কোটবাড়ীতে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় কোনো ধরনের অভিযান চালানো হবে না।তিনি বলেন, প্রয়োজন হলে ভোট শেষ হওয়ার পর এখানে অভিযান চালানো হবে। কুমিল্লায় জঙ্গি আস্তানার সন্ধানের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D