২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৪
ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ১৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (১৭ এপ্রিল) বেলা দেড়টার দিকে রিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির গাবখান সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, টোল প্লাজায় টাকা দেওয়ার অপেক্ষায় ছিল ইজিবাইক, প্রাইভেটকারসহ কয়েকটি গাড়ি। সিমেন্টবাহী ট্রাকটি সামনে থাকা সব গাড়িকে ধাক্কা দিয়ে প্রতিবন্ধকতা ভেঙে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে সিমেন্টবাহী ওই ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাইভেটকার ও ইজিবাইকের শিশুসহ ৭ আরোহী নিহত হন। পরে আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে সেখানে আরও ৭ জন মারা যান।
এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ১৬ থেকে ২০ জন বিভিন্ন হাসপাতালে আহত অবস্থায় রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।’
ঝালকাঠির জেলা প্রশাসক তারাহ গুল নিঝুম গণমাধ্যমকে জানান, ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় সিমেন্টবোঝাই একটি ট্রাক ৩টি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারকে পেছন থেকে চাপা দেয়। এতে সাতজন ঘটনাস্থলে মারা যান। পরে আহতদের গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে সেখানে আরও ৭ জন মারা যান।
তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহতের পরিবারের জন্য ৫ লাখ টাকা, যারা পঙ্গুত্বের শিকার হবেন তাদের জন্য ৩ লাখ টাকা এবং আহতদের জন্য ১ লাখ টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হবে।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্পেশাল অফিসার শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সিমেন্টবোঝাই ট্রাকটি জব্দ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত যানবাহনগুলোর উদ্ধার কার্যক্রম চলমান আছে।
দুর্ঘটনার তদন্তে ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিনকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D