সিলেটে হাওরে থেকে অ্যাসল্ট মামলার আসামির মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩

সিলেটে হাওরে থেকে অ্যাসল্ট মামলার আসামির মরদেহ উদ্ধার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাওর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার ভিতরগুল গ্রামের পাহাড়তলি দমদমা হাওর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কামাল উদ্দিন (৪০) উপজেলার ভিতরগুল গ্রামের মৃত আবু মিয়ার ছেলে। তিনি পেশায় শ্রমিক ছিলেন।

সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে দমদমা হাওরে কামাল উদ্দিনের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, ভারত থেকে অবৈধ পথে আনা গরু চোরাচালানকারীদের সঙ্গে কামাল উদ্দিনের সম্পৃক্ততা ছিল। সপ্তাহ দিন আগে ভারত থেকে গরু নামাতে গিয়ে বিজিবি তাদের ধাওয়া করে। ওই ঘটনায় বিজিবি থানায় অ্যাসল্ট মামলা দায়ের করে। কামাল উদ্দিন ওই মামলার আসামি। ধারণা করা হচ্ছে, বিজিবির ধাওয়া খেয়ে হাওরে সাঁতার কেটে পালাতে গিয়ে তার মৃত্যু হয়েছে।