সিলেট ওসমানী হাসপাতাল থেকে দুই সন্তানসহ মা নিখোঁজ

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩

সিলেট ওসমানী হাসপাতাল থেকে দুই সন্তানসহ মা নিখোঁজ

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পারভীন বেগম (৩৫) নামের এক নারী দুই শিশু সন্তানসহ নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২০ অক্টোবর) ওসমানী হাসপাতালের চতুর্থ তলার ৫ নম্বর ওয়ার্ড থেকে তারা নিখোঁজ হন বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

রোববার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এসএমপির গণমাধ্যম শাখা জানায়, মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুর রহিম (৪০) গত ১৪ অক্টোবর তার কিডনি রোগে আক্রান্ত ছেলে ইমাদ আহমদ (৫)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে ভর্তি করেন। ভর্তিকৃত শিশু ইমাদের সাথে মা মোছাঃ পারভীন বেগম (৩৫) এবং বোন সাদিয়া আক্তার (৪ মাস) হাসপাতালে অবস্থান করছিলেন। গত শুক্রবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে তাদের রেখে ঔষধ কিনতে হাসপাতালের বাইরে যান আব্দুর রহিম। এর একঘন্টা পর দুপুর ১২টার দিকে আব্দুর রহিম ওয়ার্ডে ফিরে স্ত্রী ও দুই সন্তানকে খুঁজে পাননি। পরবর্তীতে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার স্ত্রী সন্তাদের কোন সন্ধান না পেয়ে এসএমপি-র কোতোয়ালী মডেল থানায় একটি নিখোঁজ ডায়রী করেন।

নিখোঁজ মোছাঃ পারভীন বেগম (৩৫), ইমাদ আহমদ (৫) এবং সাদিয়া আক্তার (৪ মাস) এর সন্ধান পাওয়া গেলে কোতোয়ালী মডেল থানা, এসএমপি, সিলেটে (ডিউটি অফিসার মোবা-০১৩২০-০৬৭৫৭৩, এসআই/খন্দকার জাফর ইমাম-০১৭৫৫-২২৩৫৩৮) যোগাযোগ করার জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।