সিলেটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৩

সিলেটে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু

সিলেটে ট্রেনে কাটা পড়ে ইফতেখার হোসেন সুমন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের পুরাতন রেলস্টেশনের দুই নম্বর প্লাটফর্ম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাও ইউনিয়নের হাজরাই চৌধুরীগাঁও গ্রামের কটু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায় ক্ষতিগ্রস্থ হয়ে মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে যায় সুমন। মঙ্গলবার বিকেলে পুরাতন রেলস্টেশন এলাকায় রেললাইন দিয়ে হেটে যাওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার ওসি শাফিউর ইসলাম পাটুয়ারী। তিনি জানান রাত সাড়ে আটটার দিকে সুমন রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

তিনি আরও বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।