২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২৩
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য বিদেশ প্রেরণ এবং সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনশন কর্মসূচি পালন করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
শনিবার (১৪ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নগরীর রেজিস্ট্রি মাঠে এই অনশন কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন।
প্রধান অতিথির বক্তব্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন। কিন্তু সরকার নানা অজুহাতে তাকে বিদেশে উন্নত চিকিৎসা নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। এই ভাবে আন্দোলন করে নেত্রীকে মুক্ত করা যাবে না। সরকারের কাছে দাবী জানিয়ে লাভ নেই, দাবী আদায় করে নিতে হবে। এখন আর নরম কর্মসূচি দেয়ার সময় নেই, রাজপথে গরম কর্মসূচি দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে। না হলে দেশের মানুষ এই স্বৈরশাসকের হাত থেকে রেহাই পাবে না। অবিলম্বে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার স্বার্থে বিদেশে পাঠাতে হবে।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, দেশে আজ গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, চিকিৎসার অধিকার এমনকি কথা বলার স্বাধীনতা নেই। যে দেশে আদালতই বলে দেশকে জাহান্নামে পরিণত করা হয়েছে, যে দেশের সরকার পার্শ্ববর্তী দেশকে ক্ষমতায় থাকার জন্য ধর্না দেয়, যে দেশে তিনবারের জনতার ভোটে নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে উন্নত চিকিৎসা নিতে পারেন না, দিনের ভোট রাতে হয়। আমরা এমনই একটি দেশে বাস করছি। তাই বিএনপি জনগনের অধিকার আদায়ের জন্য মাঠে নেমেছে। দেশে গণতন্ত্র, ভোটারধিকার আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি একদফা আন্দোলন করছে। এই অধিকার শুধু বিএনপির নয়, সকল দেশবাসীর। স্বৈরাচারের সময় ফুড়িয়ে এসেছে। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে। জনতার বিজয় সন্নিকটে।
স্বাগত বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, শুধু অনশন করে ফ্যাসিস্ট হাসিনাকে পতন করা যাবে না। শেখ হাসিনা খুবই হিংসুক, না হলে সাবেক তিনবারের প্রধানমন্ত্রীর অসুস্থতা নিয়ে হিংসামূলক বক্তব্য দিতেন না। মাঠে চুড়ান্ত আন্দোলনের মাধ্যমেই এই সরকারের পতন নিশ্চিত করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিত এবং ফ্যাসিস্ট সরকারের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি ঘরে ফিরে যাবে না।
কর্মসূচিতে বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক, জেলা বিএনপির উপদেষ্টা এডভোকেট আব্দুল গাফফার, জেলা বিএনপির সহ সভাপতি মামুনুর রশীদ মামুন, মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদি ও নজিবুর রহমান নজিব প্রমূখ।
অনশন কর্মসূচিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন, বিভিন্ন উপজেলা, পৌর ও মহানগরীর ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচি শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী অনুষ্ঠানের সভাপতি জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীকে পানি পান করিয়ে অনশন ভাঙ্গান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D