সিলেটে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে শিশু নিহত

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৩

সিলেটে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে শিশু নিহত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলিতে বাস এবং প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের গুরুতর অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত সম্য (৮) নামের ওই শিশুটি মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস গ্রামের সন্তোষ দের মেয়ে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিলেট থেকে ছেড়ে যাওয়া বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৩০৮৬) ও বিপরীতগামী প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৫-৭৬৬৬) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রাইভেটকারের সামনের দিক দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় আহতরা হলেন- মৌলভীবাজার সদর উপজেলার কমলাকলস এলাকার সন্তোষ দে, তার স্ত্রী রিতা দে, মেয়ে বৃষ্টি ও মৌ দে। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতাল এবং নর্থইস্ট হাসপাতালে প্রেরণ করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার।

তিনি জানান, সন্তোষ দে পরিবার নিয়ে প্রাইভেটকারে করে সিলেটের মেজরটিলা এলাকায় একটি বিয়েতে আসছিলেন। দক্ষিণ সুরমার তেতলি এলাকায় আসার পর হবিগঞ্জগামী হবিগঞ্জ একপ্রেসের সাথে প্রাইভেটকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারে থাকা ৬ জন গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সম্য নামের ওই শিশুটিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট