সিলেটে গ্যাস লাইন বিস্ফোরণে ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩

সিলেটে গ্যাস লাইন বিস্ফোরণে ছাত্রলীগ নেতার মৃত্যু

সিলেট নগরীর আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই রোড এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন ছাত্রলীগ নেতা টিটন পাল টিটু (২৪)। তাকে ভর্তি করা হয়েছিল একটি বেসরকারি হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ জানুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে মারা গেছেন টিটন।

বিষয়টি নিশ্চিত করেছেন টিটনের ফুফাতো ভাই রণি দাস।

টিটন পাল বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের মদনপুর গ্রামের লাবণী পালের ছেলে। তিনি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজে অর্থনীতি নিয়ে অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের ২নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন টিটন পাল।

রণি দাস জানান, গত ১ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে টিটনসহ তিনজন (রণিও ছিলেন) নগরের শাহী ঈদগাহ থেকে হেঁটে ইলেকট্রিক সাপ্লাই সড়ক দিয়ে যাচ্ছিলেন। ওই সময় সড়কের পাশে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন টিটন। তাকে দ্রুত ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মীরবক্সটুলাস্থ একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই মারা গেছেন টিটন।

সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, একটি ছেলে অগ্নিদগ্ধ হওয়ার খবর পেয়েছিলাম। শুনেছি তিনি মারা গেছেন।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট