২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুন ২৫, ২০২২
প্রমত্তা পদ্মা নদীর ওপর নির্মিত বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবারের জন্য দেয়া এক বাণীতে তিনি বলেন, ‘জনগণের শক্তি হৃদয়ে ধারণ করে আজ আমরা নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করেছি। আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। বাঙালিরা দুর্নীতিমুক্ত বীর জাতি হিসেবে বিশ্বে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।’
প্রধানমন্ত্রী বলেন, ২৫ জুন বাংলাদেশের জন্য একটি গৌরবময় ঐতিহাসিক দিন। তিনি বলেন, প্রমত্তা পদ্মা নদীর ওপর নির্মিত দেশের বৃহত্তম ‘পদ্মা সেতু’ শনিবার যান চলাচলের জন্য খুলে দেয়া হচ্ছে।
তিনি বলেন, ‘পদ্মা সেতু উদ্বোধনের এই শুভ উপলক্ষে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
তিনি বলেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্প বাস্তবায়নের ফলে দেশের সার্বিক উৎপাদন (জিডিপি) এক দশমিক ২৩ শতাংশ বৃদ্ধি পাবে এবং বার্ষিক শূন্য দশমিক ৮৪ শতাংশ হারে দারিদ্র্য বিমোচনের মাধ্যমে আর্থ-সামাজিক উন্নয়নে অসামান্য অবদান রাখবে।
প্রধানমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা ও রাজধানীর মধ্যে নিরবচ্ছিন্ন, সাশ্রয়ী ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠেছে।
তিনি বলেন, ‘বিপুল সম্ভাবনাময় এ অঞ্চলের বহুমুখী উন্নয়নের জন্য এ সেতুটির অপরিসীম গুরুত্ব রয়েছে। এ অঞ্চলের উন্নয়নে, বিশেষ করে এখানকার শিল্পায়ন ও পর্যটন শিল্পের বিকাশের জন্য নতুন দ্বার উন্মোচিত হবে।’
তিনি বলেন, টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধি, সুন্দরবন ও কুয়াকাটা সমুদ্র সৈকতসহ এ অঞ্চলে অবস্থিত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও নৈসর্গিক স্থান বিপুল সংখ্যক পর্যটককে আকৃষ্ট করবে।
শেখ হাসিনা বলেন, পদ্মা সেতু নদী বিধৌত উপকূলীয় এলাকার কৃষি ও মৎস্য সম্পদের আহরণ এবং সারাদেশে দ্রুত বাজারজাতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পদ্মা সেতু মোংলা সমুদ্রবন্দর, পায়রা সমুদ্রবন্দর, রামপাল বিদ্যুৎকেন্দ্র, পায়রা বিদ্যুৎকেন্দ্র, বড় বড় নদীর ওপর অন্যান্য সেতুসহ বিভিন্ন প্রকল্পের পূর্ণ ক্ষমতা কাজে লাগাতে সাহায্য করবে; যা এই অঞ্চলে আওয়ামী লীগ সরকার বাস্তবায়ন করেছে।
তিনি বলেন, এ অঞ্চলে অবস্থিত বেনাপোল, ভোমরা ও দর্শনার মতো গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে বাণিজ্য বৃদ্ধি পাবে। সেতুটি দুই প্রান্তের মধ্যে বিদ্যুৎ, গ্যাস, অপটিক্যাল ফাইবার ও অন্যান্য ইউটিলিটি সেবার সংযোগ স্থাপন করবে।
সূত্র : ইউএনবি

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D