১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুলাই ১৮, ২০২০
অনুপ্রবেশকারীরা আওয়ামী লীগের বদনাম করতে পারে বলে অভিযোগ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘প্রতারণার জন্য সাহেদদের গ্রেফতার করা হয়েছে। এরা অনুপ্রবেশ করে আওয়ামী লীগের ইমেজ নষ্ট করার চেষ্টা করেছে। আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে ছবি তুলে তাদের সুনাম নষ্ট করার চেষ্টা করেছে। এসব অপরাধী কিন্তু ছাড় পাচ্ছে না। তাকে (সাহেদকে) আইনের আওতায় আনা হয়েছে। তার বিচার বাংলার মাটিতে হবে।’
শুক্রবার (১৭ জুলাই) দুপুরে দিনাজপুরের বিরলে কাঞ্চন নিউ মডেল ডিগ্রি কলেজের অ্যাকাডেমিক ভবন উদ্বোধন এবং উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সরকারি অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশে আইনের শাসন রয়েছে বলেই অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে উল্লেখ করে খালিদ মাহমুদ বলেন, ‘আইন যে ভাঙবে, তাকেই আইনের আওতায় আনা হবে। এটাই হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশ। আমরা যখন এসব অপরাধীকে ধরছি, তখন একটি মহল অপরাধীর বিষয়ে কথা না বলে সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে।’ এই সংকটকালে সবাইকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
করোনায় দেশের অর্থনীতি নিয়ে কিছু অর্থনীতিবিদ মনগড়া কথা বলছেন মন্তব্য করে নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ‘কিছু অর্থনীতিবিদ বলছেন, দেশের অর্থনীতি দুর্বল। অর্থনীতি যদি দুর্বল হয়ে যায়; তাহলে কীভাবে মসজিদে-মন্দিরে টাকা দেওয়া হলো। করোনার সময় কীভাবে কোটি কোটি মানুষের কাছে ত্রাণ পৌঁছানো হলো। নগদ অর্থ দেওয়া হলো।’
এসব অর্থনীতিবিদের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘মৌমাছি যেভাবে ভন ভন করে, সেভাবে কিছু অর্থনীতিবিদ অপেক্ষা করেন, কখন টেলিভিশনের সামনে আসবেন। কখন সরকারবিরোধী কথা বলবেন। এগুলো মনগড়া, কাগজে লেখা থাকে, তৈরি করা। সারা রাত জেগে এসব তৈরি করে, সারা দিন সরকারের দুর্নাম করে বেড়ায়।’
নিউ মডেল ডিগ্রি কলেজের অ্যাকাডেমিক ভবনের উদ্বোধনের সময় খালিদ মাহমুদ চৌধুরী
দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দাতাদের দিকে তাকিয়ে নেই। ৯০ ভাগ নিজস্ব অর্থে বাজেট পাস হয়েছে। নিজস্ব অর্থে পদ্মা সেতু হচ্ছে। দেশের জনগণের অনুভূতি পদ্মা সেতু। শেখ হাসিনা এই অনুভূতিকে ধারণ করেন। আর এ অনুভূতির বিরুদ্ধে বিশ্বব্যাংক ও খালেদা জিয়া দাঁড়িয়েছিল। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততা ও সাহসিকতার সামনে বিশ্বব্যাংক আত্মসমর্পণ করেছে।’
তিনি বলেন, ‘অর্থনীতি ভালো বলেই সরকার করোনার সময়ে লাখো কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। ভূমিহীন কৃষকের জন্য ঋণের ব্যবস্থা করেছে। ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করেছে। উপবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। মসজিদ-মন্দিরে উন্নয়ন হচ্ছে। এ উন্নয়ন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত চলমান আছে।’
কোভিড-১৯-এর কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে—কিছু অর্থনীতিবিদের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে নৌ-প্রতিমন্ত্রী বলেন, ‘ধ্বংস বাংলাদেশ হয়নি। বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়নি। ধ্বংস হয়েছে দেশবিরোধী চক্র। তারা আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। এ অপশক্তি বাংলাদেশে থাকবে না।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিস্ময়কর ও সাহসী নেতৃত্বের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, ‘বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম শেখ হাসিনাকে তৃতীয় বিশ্বের সাহসী ও বিস্ময়কর নেতৃত্ব বলে অভিহিত করেছে। প্রধানমন্ত্রী মানবিক বলেই আজকে তার নির্বাহী আদেশে দুর্নীতির দায়ে জেলে থাকা খালেদা জিয়া মুক্ত হয়েছেন।’
সরকার দেশপ্রেমিক শক্তিশালী বিরোধী দল চায় জানিয়ে তিনি বলেন, ‘আমরা শক্তিশালী বিরোধী দল চাই। যাদের দেশপ্রেম থাকবে। আমরা বাংলাদেশে শক্তিশালী কোনও দেশবিরোধী দল চাই না। এটা বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট।’
প্রতিমন্ত্রী দিনাজপুর-বোচাগঞ্জ আরএইচডি থেকে মহাদেবপুর পর্যন্ত পাকা রাস্তা উদ্বোধন করেন। এরপর বিরল উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ছাত্রছাত্রীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাপ্রতিষ্ঠান-ক্লাবে ফুটবল, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার এবং খামারিদের মাঝে ওষুধ বিতরণ করেন তিনি। পরে জগতপুর ডিগ্রি কলেজ, শংকরপুর দাখিল মাদ্রাসা ও শামসুন্নাহার দাখিল মাদ্রাসায় কম্পিউটার বিতরণ করেন। এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমান, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D