যেহীন আহমদ এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৯

যেহীন আহমদ এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত

এফআইভিডিবি’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক যেহীন আহমদ এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) সিলেট সদর উপজেলার খাদিমনগরস্থ এফআইভিডিবি কার্যালয়ে মরহুমের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জাহেদ আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক বজলে মোস্তাফা রাজী।

যেহীন আহমদকে স্মরণ করে বক্তারা বলেন, যেহীন আহমদ ছিলেন আমাদের সকলের অবিভাবক। তিনি ছিলেন সকলের অন্তরের নয়নমনি। যেহীন আহমদ এর মতো মানুষকে হারিয়ে আমরা অবিভাবকশূন্য হয়ে পড়েছি। তিনি ছিলেন দেশের এনজিও ব্যক্তিত্ব, শিক্ষাবীদ, সাংবাদিক ও উন্নয়নকর্মী।

বক্তারা আরো বলেন, কর্মজীবনে এফআইভিডিবির নেতৃত্ব দেওয়া ছাড়াও অসংখ্য স্বেচ্ছাব্রতী সামাজিক সংগঠন নির্মাণে ভূমিকা রেখেছেন যেহীন আহমদ। তিনি দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের উন্মেষকালীন আজীবন সদস্য হিসেবেও ব্যাপক খ্যাতি অর্জন করেন। এর মধ্যে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন, এএলআরডি, আরডিআরএস উল্লেখযোগ্য। নব্বইয়ের দশকে ফ্রেইরিয়ান তত্ব সহজিকরণে দেশব্যাপী তিনি বিশেষ অবদান রেখেছিলেন। যেহীন আহমদ এর মৃত্যুতে আমরা সকলে ক্ষতিগ্রস্ত হয়েছি। তিনি আমাদের সকলের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন।

মৃত্যুবার্ষিকীতে উপস্থিত ছিলেন, এফআইভিডিবি’র নির্বাহী পরিষদের চেয়ারম্যান মো. সাফওয়ান চৌধুরী, বেদানন্দ ভট্টাচার্য, আবুল ফজল, মালিক আনোয়ার খাঁ, নির্বাহী পরিষদের সদস্য ড. মনজুর আহমদ, সাধারণ পরিষদের সদস্য ড. আবু জায়েদ, ড. কামাল আহমদ চৌধুরী, জাহিদ হোসেন প্রমুখ। পরিশেষে দোয়ার মাধ্যমে যেহীন আহমদ এর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৮ অক্টোবর ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসারত অবস্থায় মারা যান যেহীন আহমদ।