২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০১৮
রাজশাহী : রাজশাহী মহানগর ছাত্রদলের ছয়টি থানা ও তিনটি কলেজের কমিটি ঘোষণার প্রতিবাদে দলীয় কার্যালয়ে তালা ঝুলিয়েছে পদ বঞ্চিত নেতাকর্মীরা। রবিবার দুপুর একটার দিকে নগরের মালোপাড়ায় বিএনপির কার্যালয়ে তালা দেয় তারা। এ সময় ঘোষিত কমিটি প্রত্যাহার করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান তারা।
শনিবার রাতে নগরের ছয়টি থানা ও তিনটি কলেজ শাখার ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। এগুলো হলো, বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, শাহ মখদুম, কাশিয়াডাঙ্গা, চন্দ্রিমা থানা এবং রাজশাহী সিটি কলেজ, রাজশাহী কলেজ ও নিউ গভ: ডিগ্রি কলেজ কমিটি।
নগর ছাত্রদলের সহ-সভাপতি আরিফুজ্জামান বলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের সঙ্গে আলোচনা না করেই কমিটি ঘোষণা করা হয়েছে। এর প্রতিবাদে পদ বঞ্চিতরা নগর বিএনপির কার্যালয়ে তালা দিয়েছেন।
আরিফুজ্জামান বলেন, শনিবার রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আটটি ইউনিটের কমিটি ঘোষণা করা হয়। এতে রাজশাহী কলেজ ছাত্রদলের সভাপতি রিফাত হোসেন অন্তর ও সাফায়েত হোসেন সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। সিটি কলেজ ছাত্রদলের সভাপতি সোহান, সম্পাদক লিমনসহ ১২ সদস্য বিশিষ্ট এবং নিউ গভঃ ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি অন্তর ও রিজুকে সাধারণ সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
এছাড়াও মতিহার থানা ছাত্রদলের সভাপতি পাখি ও পিয়ালকে সম্পাদক করে ২৮ সদস্য বিশিষ্ট, রাজপাড়া থানা ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি আসাদ ও সম্পাদক রাতুলসহ ২১ সদস্যের কমিটি, বোয়ালিয়া থানা ছাত্রদলের সভাপতি সজীব ও সম্পাদক রবিনসহ ৪৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি, শাহ মখ্দুম থানা ছাত্রদলের সভাপতি ডলার ও সম্পাদক খাইরুলসহ ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি, কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের সভাপতি রনি ও সম্পাদক মুরাদসহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি এবং চন্দ্রিমা থানা ছাত্রদলের সভাপতি বাবু ও রাশেদকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।
আরিফুজ্জামান আরো বলেন, এ সব কমিটিতে যাদের গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে তারা যোগ্য নয়। এছাড়া অনেকের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। নগর বিএনপির কার্যালয়ে তালা দেয়া হয়েছে। এরপর থানা ও ওয়ার্ড পর্যায়ের কার্যালয়গুলোতেও তালা দেয়া হবে বলে জানান তিনি।
এসময় নগর বিএনপির যুগ্ম সম্পাদক নাজমুল সাদ্দাত সোহানসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পদ বঞ্চিতরা বিক্ষোভ করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হাজির হয়।
কমিটির বিষয়ে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল ও সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনের যোগাযোগ করা হলে তারা জানান যে, কমিটির বিষয়ে তারা কিছু জানেন না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D