৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৫, ২০১৮
নগরীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত সুইডেন প্রবাসী মুহিবুর রহমানের (৬৫) মৃত্যু হয়েছে। ঈদুল আযহার দিনগত রাত ৩ টার দিকে রাজধানী ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মুহিবুর রহমান নগরীর মিরাবাজার আগপাড়া ১২৪ নম্বর বাসার মালিক ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কাতিয়া এলাকার অলইতলি গ্রামের মৃত আইন উদ্দিনের পুত্র। শুক্রবার হযরত শাহজালাল(র.) দরগাহ মসজিদে জানাজাশেষে দরগাহ গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
পারিবারিক সূত্র জানায়, মুহিবুর রহমান সপরিবারে সুইডেনে থাকেন। প্রায় ২ মাস আগে তিনি একা দেশে ফিরেন। গত ১৯ আগস্ট রাত ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে তিনি বাসা থেকে বের হন। এসময় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তারা তার মাথা ও ঘাড়ে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয় লোকজন মুহিবুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হামলার ঘটনায় গত ২১ আগস্ট কোতোয়ালি থানায় একটি অভিযোগ করেছিলেন মুহিবুর রহমানের আত্মীয় জোবায়ের। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো পুলিশ কাউকে আটক করতে পারেনি।
কতোয়ালী থানার ওসি মোশররফ হোসেন জানান, ঘটনার দিন রাতেই মামলা দায়ের করা হয়। তখন প্রবাসী আহত ছিলেন। নিকটাত্মীয় কেউ দেশে না থাকায় এ বিষয় নিয়ে এগোনো যাচ্ছিলো না। তার স্বজনরা দেশে এসেছেন। তাদের সাথে কথা বলে বিস্তারিত পাওয়া যাবে। ওসি বলেন, এটা পরিকল্পিত হত্যাকান্ড সে ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। কারা জড়িত সনাক্ত করার চেষ্টা চলছে।
১৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল জানান, শুরুর দিকে মনে হয়েছিলো ছিনতাইর ঘটনা ঘটতে পারে, তবে যত সময় যাচ্ছে তা ভিন্নরূপ ধারণ করছে। পুলিশ তদন্ত করলে, স্বজনদের সাথে কথা বললে মূল ঘটনা বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। কাউন্সিলর জানান, নিহতের স্বজনরা দেশে আসার পর শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (রহ:) এর মাজার মসজিদে জানাজা শেষে পার্শ্ববর্তী কবরস্থানে প্রবাসী মুহিবুর রহমানকে দাফন করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D