২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৮
‘জেলে যাচ্ছেন না বলে বড় বড় কথা বলছেন তারা (বিএনপি)’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক যোগাযোগ, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর (উত্তর-দক্ষিণ) আওয়ামী লীগ আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গি’ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির নেতাদের উদ্দেশ্য করে কাদের বলেন, ‘জেলে যাচ্ছেন না বলে বড় বড় কথা বলছেন। নতুন করে ষড়যন্ত্রের খেলা শুরু হয়েছে। বিদেশিদের কাছে যাচ্ছেন। বড়-বড় কথা বলছেন। মানুষের শক্তি কমে গেলে গলার জোড় বেড়ে যায়। কথা বলতে বলতে লাগাম ছাড়া হয়ে গেছে তারা (বিএনপি)।
‘আসুন এই দানব সরকারকে সড়িয়ে দেই’ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুলের এ মন্তব্যের কঠোর সমালোচনা করে তিনি বলেন, ‘সরকার নয়, বিএনপিই একটি সাম্প্রদায়িক দানব পার্টি। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে এই দানব পার্টিকে উৎখাত করবে দেশের জনগণ। বাংলার জনগণ অপশক্তির হাত থেকে নিজেদের রক্ষা করবে শেখ হাসিনার নেতৃত্বে। আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে সাম্প্রদায়িক অপশক্তির ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিতে হবে।’
‘দেশ স্বাধীন করতে হবে’ বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুলের এই বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি প্রশ্ন রাখতে চাই, এটা কি রাষ্ট্রদ্রোহিতার সামিল নয়? রাষ্ট্রদ্রোহিতার বিচার করতে হবে। রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা কোন ধরনের স্বাধীনতা?’
বিএনপির আন্দোলন মাঠে নেই মন্তব্য করে তিনি বলেন, ‘তাদের আন্দোলন দুই-একটি মিডিয়াতে। পিছন থেকে কারা মদদ দিচ্ছেন আমরা সবই জানি। রাতের অন্ধকারে কোথায় কোথায় বৈঠক হয় সেখবর আমরা সব জানি। আন্দোলনের নামে ঢাকা অচল করা যাবে না, বাংলাদেশকে অচল করা যাবে না। বিএনপি অচল হয়ে যাবে।’
মন্ত্রী বলেন, ‘দেশে গণতন্ত্র আছে বলেই বিএনপির নেতারা ফ্রী স্টাইলে কথা বলতে পারেন। নয়া পল্টনের অফিসে বসে বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। তারপরও নাকি দেশে গণতন্ত্র নাই।’
দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল হাসনাতের সভাপতিত্বে সমাবেশ আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D