২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, আগস্ট ১৬, ২০১৮
‘ওয়ান-ইলেভেনের পেছনের শক্তি আবার ষড়যন্ত্র শুরু করেছে, চক্রান্ত করছে সরকার হটানোর’ বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার দুপুরে ইডেন মহিলা কলেজ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগ।
ওবায়দুল কাদের বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এক-এগারোর কুশীলবরা আবারো নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। নির্বাচনকে ঘিরে ওয়ান ইলেভেনের কুশীলবদের নিয়ে বিএনপি এবার সক্রিয়। তারা ষড়যন্ত্র করছে। তারা মনে করছে, আমরা জানি না। সব খবরই জানা আছে। এবার কোনও ষড়যন্ত্র টিকবে না। দেশের জনগণ প্রতিহত করবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশে এখন ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওয়ান-ইলেভেনে যারা দেশকে ডিপলিটিসাইজ (বিরাজনীতিকরণ) করতে চেয়েছিল, তাদের সহযোগী ছিল মিডিয়ার একটি অংশ। যারা (মিডিয়ার ওই অংশ) উসকানি দিয়ে (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার সরকারকে হটানোর চক্রান্ত করছে। এদেরকে চিনে রাখতে হবে। তাদের সম্পর্কে জানতে হবে। বঙ্গবন্ধু হত্যাকে ইতিহাসের বর্বরতম রাজনৈতিক হত্যাকাণ্ড উল্লেখ করে কাদের বলেন, যে হত্যাকাণ্ডে বেগম মুজিব, শিশু রাসেল থেকে শুরু করে অন্তঃস্বত্তা নারী- কেউ রেহায় পায়নি।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সারা বাংলা যখন শোকে, তখন ভুয়া জন্মদিবস পালনের মাধ্যমে পাপের নোংরা দৃষ্টান্ত স্থাপন করেছে বিএনপি। তারাই অগণতান্ত্রিকভাবে ষড়যন্ত্রমূলকভাবে একটি বৈধ সরকারকে হটানোর চক্রান্ত করছে।
অনেক চেষ্টার পরও সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি উল্লেখ করে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন আশা দেখাচ্ছে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আমি চেষ্টা করেও পারিনি। আজ যদি সবার বোধোদয় হয় আমার বিশ্বাস উন্নতি হবে।’
বঙ্গবন্ধু হত্যা মামলার একজন আসামিকে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আরেকজনকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে অগ্রগতি এখন ৯০ শতাংশ। তাঁকে ফিরিয়ে আনার কূটনৈতিক উদ্যোগ সফল হয়ে যাচ্ছে।’
ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক তাসলিমা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ শামসুন নাহার, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আওয়ামী লীগের সদস্য মেরিনা জাহান, পারভীন জামান কল্পনা, মারুফা আক্তার পপি প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D