৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন বিশ দলীয় জোট সমর্থিত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচারণা চালিয়েছেন ইসলামপন্থী সংগঠন জমিয়ত ও হেফাজতের নেতাকর্মীরা।
বুধবার বিকেলে আরিফকে সাথে নিয়ে বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদ থেকে প্রচারণা শুরু করেন তারা। পরে জিন্দাবাজার-চৌহাট্টা হয়ে আম্বরখানা পয়েন্টে গিয়ে পথসভার মাধ্যমে প্রচারণার সমাপ্তি করেন। এসময় জমিয়ত-হেফাজত কর্মীরা আরিফের বিজয় নিশ্চিতে একজোট হয়ে কাজ করার ঘোষণাও দেন।
পথসভায় নেতৃবৃন্দ বলেন, ‘আরিফুল হক চৌধুরীকে পুনরায় বিজয়ী করতে আজ আমরা ঐক্যবদ্ধভাবে কাজ শুরু করেছি। তাঁর উপর অনেক অন্যায়-অবিচার করা হয়েছে, তারপরও তিনি মনোবল হারাননি। সিলেটবাসীর পবিত্র আমানত রক্ষায় তৎপর থেকে তিনি যেভাবে নিরলসভাবে নগরীর উন্নয়নে কাজ করেছেন তা আপামর সিলেটবাসী গভীরভাবে উপলদ্ধি করেছেন। সিলেটের মেয়র পদে তিনিই যোগ্য ব্যক্তি, সুতরাং ৩০ জুলাই আবারো তাকে সিলেটবাসী বিপুল ভোটে বিজয়ী করবে বলে আমরা আশাবাদী।’
আরিফুল হক চৌধুরী বলেন, ‘সিলেটের উন্নয়নের স্বার্থেই গত নির্বাচনের মতো এবারও ভোটাররা আমাকে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী করবেন বলে আমি দৃঢ় আশাবাদী। দল মতের ঊর্ধ্বে উঠে আমি সিলেট নগরের জন্য কাজ করেছি। জনসেবাকে আমি ইবাদত হিসেবে নিয়েছি। আরিফুল হক চৌধুরী বলেন, আমাকে যারা সমর্থন দিচ্ছেন, তারা মূলত সিলেটের উন্নয়নপ্রেমিক জনগন। দলমত নির্বিশেষে উন্নয়নপ্রেমী লাখো জনতা এবং বিভিন্ন সংগঠন যেভাবে আমাকে সাহস ও সমর্থন যোগাতে এগিয়ে আসছেন তাদের প্রতি আমি বিন¤্র কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগরের সভাপতি প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানের সভাপতিত্বে এবং মাওলানা আবু বকর সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের সিনিয়র দায়িত্বশীল সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা রশিদ আহমদ, জেলা যুব জমিয়ত সভাপতি মাওলানা রফিক আহমদ মহল্লী, ছাত্র জমিয়ত সিলেট মহানগরের সাবেক সভাপতি মাওলানা হাসান আহমদ।
এছাড়া আম্বরখানা পয়েন্টে জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত পথসভা শেষে আম্বরখানা বড়বাজার রোডে গণসংযোগে অংশগ্রহণ করেন আরিফুল হক চৌধুরী। পরে দরগাহ গেইটে সদর উপজেলা বিএনপি আয়োজিত পথসভা শেষে শাহী ঈদগাহ এবং শিবগঞ্জে পথসভায় অংশগ্রহণ করেন। পথসভায় সিলেট মহানগর, জেলা এবং সদর উপজেলার বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D