৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৪ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০১৮
হবিগঞ্জে যেভাবে বিএনপি প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করেছেন, সিলেটের মানুষও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে তেমনিভাবে বিপুল ভোটে আরিফুল হক চৌধুরীকে বিজয়ী করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন হবিগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ। রোববার বিকেলে নগরীর রিকাবীবাজারে ২০ দলীয় জোট সমর্থিত ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে আয়োজিত পথসভা ও গণসংযোগে এমন প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
আরিফুল হক চৌধুরীকে একটি আধুনিক সিলেট নগরীর রূপকার উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, ১৭ বছরেও যারা সিলেটের উন্নয়ন করতে পারেননি, আরিফুল হক চৌধুরী তা মাত্র ২ বছরে তা দেখিয়ে দিয়েছেন। এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, আন্তরিকতা এবং দক্ষতার সাথে কাজ করলে নগরীর উন্নয়ন সম্ভব।
নেতৃবৃন্দ আরো বলেন, আরিফুলের পক্ষে সাধারণ মানুষের পক্ষ থেকে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এর মাধ্যমে ৩০ তারিখ আরিফের বিজয়ের মাধ্যমে তা প্রমাণিত হবে। কোনো অপশক্তি তাঁর বিজয়কে নস্যাৎ করতে পারবে না। নেতৃবৃন্দ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সিলেটবাসীকে সচেতন থাকার আহবান জানান।
পথসভায় আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট ওলি আউলিয়ার শহর। এ শহরে কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। এটা গাজীপুর কিংবা খুলনা নয়। সিলেটের মানুষ অন্যায়ের প্রতিবাদের মাধ্যমে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে জানে। আমাকে আপনারা পাঁচ বছরের জন্য সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করেছেন। কিন্তু সরকারের রোশানলে পড়ে সেই সময়টুকু তারা কেড়ে নেয়। তারপরও সবার রক্ষ চক্ষুকে উপেক্ষা করে সিলেট নগরীকে একটি আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে আমি সর্বাত্মক চেষ্টা করেছি। সিলেট নগরীতে চোখ বুলালেই আমার উন্নয়নের রূপ আপনারা দেখতে পারবেন।
পথসভায় বক্তব্য রাখেন নবীগঞ্জ-বাহুবলের সাবেক সাংসদ শেখ সুজাত আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, ইশতিয়াক সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, নবীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেপু, বাহুবল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান মিজান, নবীগঞ্জ শ্রমিকদলের সভাপতি মুর্শেদ আহমদ, সাধারণ সম্পাদক মনর উদ্দিন, বাহুবল উপজেলা যুবদল নেতা শোয়েবুর রহমান, জাহাঙ্গীর চৌধুরী, নবীগঞ্জ যুবদলের যুগ্ম আহবায়ক শাহ রুহুল আহমদ, বাহুবল উপজেলা ছাত্রদলের আহবায়ক আব্দুল আহাদ কাজল, সিনিয়র যুগ্ম আহবায়ক শাহীন আহমদ, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল কালাম মিঠু, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি প্রমুখ।
উল্লেখ্য, আরিফুল হক চৌধুরী বিকালে তিনটায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ এবং হাসান মার্কেটে ব্যবসায়ীদের মধ্যে গণসংযোগ করেন। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, মহানগর জাসাসের সভাপতি মুসা রেজা চৌধুরী, হাসান মার্কেটের সাবেক সেক্রেটারী সুহেল আহমদ, সিটি মার্কেটের সভাপতি জয়নুল হোসেনসহ বিএনপি, যুবদল, ব্যবসায়ী এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাদ আসর শামসুদ্দিন সরকারি হাসপাতালের আবু সিনা ছাত্রাবাস আবাসিক এলাকায় সাধারণ মানুষের মধ্যে গণসংযোগ করেন। পরে স্টেডিয়াম এবং রিকাবীবাজার এলাকায় গণসংযোগ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D