৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপির আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের বদর উদ্দিন আহমদ কামরান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় সদস্য সদ্য পদত্যাগী মেয়র আরিফুল হক চৌধুরী বিকাল সাড়ে ৩টায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রিটার্নিং অফিসার মো আলীমুজ্জামানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এর আগে দুপুরে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান তার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীকেই পুনরায় মেয়র প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গত বুধবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ ঘোষণা দেওয়া হয়।
বিএনপির সংবাদ সম্মেলনে মেয়র প্রার্থীর ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এর আগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক ২০১৩ সালে ১৫ জুন সিলেট সিটি কর্পোরেশনে মেয়র নির্বাচিত হন।
এ বিষয়ে আজ রিজভী বলেন, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দলের পক্ষ থেকে মনোনয়ন দেয়া হয়েছে আরিফুল হক চৌধুরীকে। তাকে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।
আগামী ৩০ জুলাই রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২৮ জুন। প্রার্থিতা প্রত্যাহার করা যাবে ৯ জুলাই পর্যন্ত।
এদিকে শুক্রবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে দলের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় বদর উদ্দিন কামরানকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী ঘোষণা করা হয়। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সিলেটসহ তিন সিটিতে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করেন।
তাকে মনোনয়ন দেওয়ার খবরে সিলেট নগরীতে বর্ণাঢ্য মোটরশোভাযাত্রা ও আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার রাত সাড়ে ৭টায় মেয়র পদে কামরানকে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়নের খবর ছড়িয়ে পড়লে সিলেট নগরীতে উল্লাসে মাঠে নেমে আসেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। খন্ড খন্ড মিছিল ও মোটর শোভাযাত্রা নিয়ে তারা নগরীর মাছিমপুরস্থ কামরানের বাসায় জড়ো হন।
গণভবনে স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সিলেট জেলা ও মহানগর প্রতিনিধি দলের মধ্যে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক। তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, সভায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা বলেছেন, সবাইকে মনোনয়ন দেওয়া যাবে না। সংগঠনের স্বার্থে সার্বিক বিষয় বিবেচনা করে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। দেশের উন্নয়ন এবং দলের স্বার্থে দল মনোনীত প্রার্থীর পক্ষে দলের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D