৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১২ পূর্বাহ্ণ, জুন ২, ২০১৮
হবিগঞ্জে ইউকে ভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল এস এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে ‘মিথ্যা অভিযোগে’ রাতভর বেধড়ক মারপিট করেছে পুলিশ। পরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে বিক্ষোভ করেছে জেলায় কর্মরত সকল সাংবাদিক।
সিরাজুল ইসলাম জীবনের বোন পারভীন আক্তার জানান, বৃহস্পতিবার (৩১ মে) দিবাগত রাত ২টার দিকে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে ধাক্কা দেয় পুলিশ। এসময় ভেতরে থাকা জীবনের ছোট ভাই আজিজুল ইসলাম দোকানের সাটার খুলে দেয়। পুলিশ ভেতরে ঢুকেই তাদের হাতে থাকা একটি প্যাকেট দেখিয়ে মাদকসেবী হিসেবে তাকে আটক করে।
খবর পেয়ে পার্শ্ববর্তী বাসা থেকে জীবনসহ পরিবারের অন্যান্যরা ছুটে এসে বিষয়টি চ্যালেঞ্জ করলে তাদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদেরকে লাঠিপেটা করে পুলিশ। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অতিরিক্ত পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে আসে। তারপরই এসআই রকিবুলের নেতৃত্বে তাদেরকে বেধড়ক মারপিট করা হয়।
আদালত প্রাঙ্গণে জীবন জানান, তাদের চোখ বেধে একনাগাড়ে মারধোর করা হয়েছে। এক পর্যায়ে পায়খানার রাস্তায় মোমবাতি দিয়ে ছ্যাকা দিয়েছে পুলিশ। পরে তাকে সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে তার আঘাতের কারণ লেখা হয় গণপিটুনি।
তবে পুলিশের দাবি, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তারা ওই দোকানে অভিযান চালিয়েছিল। সেখান থেকে ১০ পিস ইয়াবাসহ আজিজুলকে গ্রেফতার করা হলে জীবন তাতে বাধা দেন। রাতভর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে তারা।
এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে দুপুর আড়াইটায় হবিগঞ্জ প্রেসক্লাবে জরুরি বৈঠকে বসেন সাংবাদিকরা। এসময় তারা অবিলম্বে জীবনের মুক্তি ও এ ঘটনার সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেন। পরে বিকেলে সদর মডেল থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সাংবাদিকরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D