২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৭
ঢাকা জেলা আইনজীবী সমিতির প্রবীণতম সদস্য ও বিএনপি চেয়ারপারসনের আইনজীবী অ্যাডভোকেট তসলিমউদ্দিন মো. আকবরের (টি এম আকবর) মৃত্যুতে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন খালেদা জিয়া এবং বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বেলা সোয়া বারটার দিকে পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসায় বিশেষ জজ ৫ নম্বর আদালতে শুনানির সময় স্ট্রোকে (মস্তিষ্কে রক্তক্ষরণ) তিনি মারা যান।
প্রয়াত টি এম আকবর খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আইনজীবী ছিলেন। মামলার জেরা করার সময় টি এম আকবর হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে বারডেম হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
বিএনপির চেয়ারপারসন টি এম আকবরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় খালেদা জিয়া বলেন, ‘সারা দেশে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত অসংখ্য মামলায় আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। বিরামহীন এই আইনি লড়াইয়ে অন্যায় ও হীন পরিকল্পিতভাবে আদালতকে ব্যবহার করে দায়েরকৃত বানোয়াট মামলাগুলোকে দিয়ে বিএনপি নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি সমর্থক আইনজীবীদেরকেও সীমাহীন হয়রানি ও নানাভাবে নির্যাতন করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আইনজীবীরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। তাদের এজলাসেই মানসিকভাবে বিপর্যস্ত করার জন্য সরকারের লোকেরা নানা ধরনের চাপ প্রয়োগ করে। এই হয়রানি ও নিপীড়ন-নির্যাতনের ধারাবাহিকতায় আজ আদালত কক্ষেই আমার মামলা পরিচালনা করার সময় ঢাকা জেলা আদালতের সিনিয়র আইনজীবী টি এম আকবর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
খালেদা জিয়া বলেন, ‘আমি এই টি এম আকবরের আকস্মিক মৃত্যু সংবাদে গভীরভাবে ব্যথিত হয়েছি। টি এম আকবরের মৃত্যু আমাদের সবাইকে শোকের মধ্যে নিপতিত করেছে। সরকারের বহুমাত্রিক নির্যাতনের শিকার সরকারবিরোধী পক্ষের লোকেরা। অ্যাডভোকেট টি এম আকবরের মৃত্যু সেই নির্যাতনেরই বহিঃপ্রকাশ। সরকারের বন্য প্রতিহিংসায় আজ রাষ্ট্রসমাজে এক দুঃসহ অস্থিরতা বিরাজ করছে। রাষ্ট্রের স্তম্ভগুলোকে ভেঙে ধ্বংসস্তূপের ওপর কর্তৃত্ববাদী সিংহাসন স্থাপনের আয়োজন সম্পন্ন।’
অপর এক শোকবাণীতে বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই দুঃসময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা পরিচালনা করতে গিয়ে সরকারের দুর্বিনীত হয়রানির মুখেও তিনি আইনি লড়াইয়ের যে দৃষ্টান্ত রেখেছেন তা জাতীয়তাবাদী শক্তি কোনোদিন বিস্মৃত হবে না।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া এবং বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলাগুলোতে আইনি লড়াই চালানোর জন্যই টি এম আকবর সরকারি হয়রানির শিকার হয়ে আজ আদালতেই অসুস্থ হয়ে হাসপাতালে কিছুক্ষণের মধ্যেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D