|
প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬
সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে মা ও মেয়েকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার ডিবিরহাওর লালশাপলা বিলসংলগ্ন একটি পরিত্যক্ত মন্দিরের কাছ থেকে তাদের আটক করা হয়। পরে আটক দুজনকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি।
আটককৃতরা হলেন, খুলনার তেরখাদা উপজেলার নয়া বারশাত গ্রামের রাফেজা বিবি (৪৫) ও তার মা মেহেরুন বিবি (৭০)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে খুলনা থেকে এক দালালের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে ওই দুই নারীকে জৈন্তাপুর সীমান্তবর্তী ডিবিরহাওর এলাকায় নিয়ে আসা হয়। সেখানে লালশাপলা বিল সংলগ্ন একটি পরিত্যক্ত মন্দিরের কাছে স্থানীয় আরেক দালালের কাছে তাদের হস্তান্তরের কথা ছিল। এ সময় সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধীনস্থ ডিবিরহাওর বিওপির টহল দল তাদের সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের সদস্যরা পালিয়ে যায়।
আটক রাফেজা বিবি জানান, ভারতের কলকাতায় চাকরির প্রলোভন দেখিয়ে খুলনার স্থানীয় এক দালাল তাদের সীমান্ত এলাকায় নিয়ে আসে। এ সময় দালাল চক্রের সদস্যরা তাদের কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
এ তথ্য নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুদ্দিন আহমেদ বলেন, শনিবার সকালে ডিবিরহাওর বিওপির টহল দল সন্দেহজনকভাবে চলাচল করতে দেখে ওই দুই নারীকে আটক করে। জিজ্ঞাসাবাদে তারা দালালের মাধ্যমে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টার কথা স্বীকার করেন। পরে তাদের জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটক দুই নারীর বক্তব্যের ভিত্তিতে খুলনা থেকে আসা দালালের পরিচয় শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জৈন্তাপুর উপজেলার স্থানীয় আরও এক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D