|
প্রকাশিত: ১১:৪১ পূর্বাহ্ণ, নভেম্বর ২১, ২০২৬
দক্ষিণ আমেরিকার দেশ পেরুর মধ্যাঞ্চলে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
স্থানীয় সময় শুক্রবার সকালে অনুভূত এ ভূমিকম্পে রাজধানী লিমাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।
আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) এবং পেরুর ভূ-ভৌতিক ইনস্টিটিউটের তথ্যের বরাতে রয়টার্স জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রাজধানী লিমা থেকে প্রায় ৩২০ কিলোমিটার পূর্বে আন্দিজ অঞ্চলের জুনিন প্রদেশে। ভূপৃষ্ঠ থেকে ১২৯ কিলোমিটার গভীরে ছিল এর কেন্দ্র।
ভূমিকম্প অনুভূত হওয়ার পরপরই লিমার বাসিন্দারা আতঙ্কে খোলা জায়গায় আশ্রয় নেন। স্থানীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে আইনপ্রণেতাদেরও সংসদ ভবন ছেড়ে বাইরে বেরিয়ে আসতে দেখা গেছে।
জুনিন প্রদেশের স্থানীয় পরিষদের সদস্য ভিসেন্তে কুইস্পে স্থানীয় সংবাদমাধ্যম আরপিপিকে জানান, ওই অঞ্চলে এত তীব্র মাত্রার ভূমিকম্প এর আগে কখনো অনুভূত হয়নি।
উল্লেখ্য, বিশ্বের তৃতীয় বৃহত্তম তামা উৎপাদনকারী দেশ পেরুর অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি খনি শিল্প। ভূমিকম্পের উৎপত্তিস্থল জুনিন প্রদেশে বেশ কয়েকটি মাঝারি আকারের খনির পাশাপাশি দেশটির অন্যতম বৃহৎ তামার খনি তোরোমোচো অবস্থিত।
এদিকে, যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ ব্যবস্থা জানিয়েছে, এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই।
ভৌগোলিকভাবে পেরু প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় বলয়ের ওপর অবস্থিত। এ কারণে টেকটোনিক প্লেটের পারস্পরিক নড়াচড়ার ফলে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D